


নয়াদিল্লি, ২৬ এপ্রিল: রবিবাসরীয় সকালে বিমানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিল্লিতে। সুইস এয়ালাইন্সের এক বিমানে হঠাৎই আগুন লেগে যায়। দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ঘটে এই দূর্ঘটনা। সুইস এয়ালাইন্সের এলএক্স ১৪৭ নম্বরের এই বিমানটি একটি এয়ারবাস এ৩৩০ বিমান। বিমানে মোট যাত্রীর সংখ্যা ছিল ২৩২ জন। যার মধ্যে ছিল ৪ জন শিশু সহ ক্রু সদস্যরা। জানা গিয়েছে বিমানটি টেক-ওফের সময় ইঞ্জিনে সমস্যা দেখা যায়। এই সমস্যার জেরে বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। আগুনের জেরে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী টেক-অফের সময় বিমানের তখন গতিবেগ ছিল ১০৪ নট। পরিস্থিতি বুঝে পাইলটরা সঙ্গে সঙ্গেই টেক-অফ বাতিল করেন।
বিমানবন্দর কতৃপক্ষ তরফে একাধিক জরুরি ব্যাবস্থা নেওয়া হয়। যাত্রী ও ক্রু সদস্যদের এমার্জেন্সি স্লাইড ব্যবহার করে নামানো হয় বিমানের বাইরে। সেই সময় আহত হন ৬ জন যাত্রী। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের জন্য বিকল্প ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে সুইস এয়ারলাইন্স। কেন এবং কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখবে তদন্তকারী দল। এই ঘটনা জেরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল রানওয়ে। বিমান সরানোর পর তা ফের চালু করা হবে এমনটাই জানা গিয়েছে বিমানবন্দর কতৃপক্ষ তরফে।