


নয়াদিল্লি: সংখ্যালঘুদের নিরাপত্তা, বাক স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় শক্তপোক্ত পদক্ষেপ করুক নয়াদিল্লি। ভারতের বিরুদ্ধে এভাবেই সুর চড়িয়েছিল সুইজারল্যান্ড। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে তার পাল্টা কড়া জবাব দিল ভারতও। বলল, সুইজারল্যান্ডের এই ধারণা বিস্ময়কর। বাস্তবের সঙ্গে বিন্দুমাত্র যোগ নেই। তাদের কাছে প্রকৃত তথ্যের অভাব রয়েছে। জেনিভায় মানবাধিকার কমিশনের ৬০তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নিয়ে সংখ্যালঘু নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার ইস্যুতে ভারতকে কাঠগড়ায় তুলেছিলেন সুইজারল্যান্ডের প্রতিনিধিরা। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের সভাপতিত্ব বর্তমানে সুইজারল্যান্ডের হাতে থাকায় কূটনৈতিক কারণেও তা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ভারতের হয়ে পাল্টা জবাব দেন জেনিভায় ভারতের স্থায়ী মিশনের দূত ক্ষীতিজ ত্যাগী। তিনি বলেন, সভাপতিত্বের ভার থাকায় সুইজারল্যান্ডের ভ্রান্ত বিষয় নিয়ে সময় নষ্ট করা মানায় না। তাদের এই ধারনের সঙ্গে ভারতের বাস্তব পরিস্থিতির বিন্দুমাত্র যোগ নেই। সুইজারল্যান্ড বরং তাদের অভ্যন্তরীণ বর্ণবিদ্বেষ, বৈষম্য ও বিদেশিদের প্রতি ঘৃণার মানসিকতা কাটিয়ে ওঠার দিকে নজর দিক।