


লস এঞ্জেলস: কাতারের বিরুদ্ধে শেষ লগ্নের আত্মঘাতী গোলে হাতছাড়া হয়েছে জয়। ‘বি’ গ্রুপের অন্যতম ফেভারিট হয়েও বিশ্বকাপের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সুইৎজারল্যান্ডকে। কাতারের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের হতাশা ভুলে জয়ের খাতা খুলতে মরিয়া গ্রানিত জাকারা। বৃহস্পতিবার তাঁদের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। যারা আবার নাছোড়বান্দা লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে অন্যতম আয়োজক দেশ কানাডাকে আটকে দিয়েছে। তাই বসনিয়াকে হালকাভাবে নিতে নারাজ সুইস ব্রিগেডের কোচ মুরাত ইয়াকিন। ফুটবলারদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, ‘প্রথম ম্যাচে দাপট দেখিয়েও আমরা দু’পয়েন্ট মাঠে ফেলে এসেছি। প্রচুর সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়ানো যায়নি। তারই ফল ভুগতে হয়েছে শেষ মুহূর্তে গোল হজম করে। বিশ্বকাপের মতো আসরে একই ভুল বারবার করলে চলবে না। বরং তা থেকে শিক্ষা নিয়ে দ্রুত জয়ের খাতা খোলাই আমাদের লক্ষ্য।’
এদিকে, উজবেকিস্তানের বিরুদ্ধে ফেভারিট হিসেবে অভিযান শুরু করছে কলম্বিয়া। গ্রুপ কে’র এই ম্যাচে বড় জয় তুলে নেওয়াই লক্ষ্য হামেস রড্রিগেজ, লুইস ডিয়াজদের। আর উজবেকরা চাইবে লড়াকু পারফরম্যান্সে চমক দিয়ে বিশ্বকাপে অভিষেককে স্মরণীয় করে রাখতে। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হচ্ছে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে দু’দলই হেরেছে। রাউন্ড অব ৩২-এর আশা টিকিয়ে রাখতে বৃহস্পতিবার জয়ের লক্ষ্যে ঝাঁপাবে উভয় পক্ষই। পাশাপাশি শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেক্সিকো।