


কমেডি ছবি প্রযোজনা করতে চলেছেন পরিচালক মুদাস্সর আজিজ। সেখানেই নাকি মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে। সঙ্গে থাকছেন ফারদিন খান, অ্যামি বির্ক। এর আগে মুদাস্সরের পরিচালনায় ‘খেল খেল ম্যায়’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাপসী, ফারদিন ও অ্যামি। ফের আরও একটি কমেডি সিনেমার জন্য জুটি বাঁধছেন তাঁরা। শোনা যাচ্ছে, সিনেমার নাম ‘জমানা ক্যায়া কাহেগা’। পরিচালনার দায়িত্বে থাকছেন অমিত রায়। এর মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হচ্ছে সিনেমাটোগ্রাফার অমিতের। ‘ডাঙ্কি’, ‘অ্যানিমাল’, ‘দেবা’র মতো সিনেমাতে সিনেমাটোগ্রাফি করেছিলেন তিনি। চলতি বছর সেপ্টেম্বর মাসে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ইতিমধ্যে এই বিষয়ে তিন তারকার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন প্রযোজক ও পরিচালক। অভিনেতাদের বিষয়টি পছন্দও হয়েছে বলে খবর।