


নিজস্ব প্রতিনিধি, তমলুক: অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে তমলুক পুরসভার সামনে তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে নামাতে হল কেন্দ্রীয় বাহিনী। পুরসভার ১নম্বর ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা এদিন পুরসভার সামনে জমায়েত হন। তাঁদের মধ্যে কেউ সাফাই কর্মী আবার কেউ বাড়ির পরিচারিকা। গরিব পরিবারের মহিলারা অন্নপূর্ণা যোজনার সুবিধা না পেয়ে গতকাল রাতে তাঁরা আবাসবাড়িতে বিজেপির পার্টি অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বলে জানা গিয়েছে। আজ, বিজেপির লোকজন তাঁদের পুরসভা অফিসে আনে। এদিন পুরসভা অফিসের সামনে বিক্ষোভকারীদের ভিড়ে রাস্তায় যান চলাচল স্তব্ধ হয় পড়ে। ঘটনাস্থলে রয়েছেন তমলুক থানার আইসি বিপ্লব পতি। এছাড়া পরিস্থিতি মোকাবিলার জন্যে সেন্ট্রাল ফোর্স নামানো হয়েছে পুরসভার সামনে।
অন্যদিকে অন্নপূর্ণা যোজনায় টাকা না পেয়ে এদিন পটাশপুর-২বিডিও অফিসের গেটে তুমুল বিক্ষোভ চলছে বলে জানা গিয়েছে। জুন ও জুলাই মাসে অন্নপূর্ণার টাকা পেলেও গরিব খেটে খাওয়া পরিবারের অনেক মহিলা আগস্টের ওই ভাতার টাকা পাননি। এনিয়ে জেলার নানাপ্রান্তে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে ইতিমধ্যেই। টাকা না পওয়ার কারণে ক্ষোভে ফুঁসছেন বিভিন্ন এলাকার মানুষরা।