


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলায় গোডাউনের প্ল্যান পাশের সময়েও মাটি পরীক্ষার রিপোর্ট জমা পড়েনি। এমনকী কাজ করার সময় স্ট্রাকচারাল প্ল্যানের নকশা পর্যন্ত জমা পড়েনি। গোডাউন ভেঙে পড়ার ঘটনার শুনানিতে আলিপুর আদালতে এমনটাই দাবি করলেন সরকারি আইনজীবী। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা প্রাথমিক পরীক্ষার পর জানিয়েছেন, প্রথম থেকেই ভুলে ভরা এই নকশা। এমনকী প্রাক্তন মেয়রের প্রাক্তন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় ক্ষমতার অপব্যবহার করেছেন। সবটাই ওর জানা ছিল বলে আদালতে দাবি করেছেন সরকারি আইনজীবী শৌরিন ঘোষাল। একইসঙ্গে টাকা কোথায় পৌঁছেছে, তার তদন্ত চলছে। কালীচরণের আইনজীবী বলেন, তাঁর মক্কেল যদি সব জানতেন, তাহলে ডিজি বিল্ডিংকে কেন গ্রেপ্তার করা হল না এখনও? অন্য অভিযুক্তদের আইনজীবীরা বলেন, তাঁদের মক্কেলদের কোনো ভূমিকা নেই গোডাউন ভেঙে পড়ার ক্ষেত্রে। সওয়াল শেষে কালীচরণ সহ ৬ জনকে ৮ জুলাই পর্যন্ত পুলিশি হেপাজতে পাঠায় আদালত।