


নয়াদিল্লি: আগামী বছর ২০ ফেব্রুয়ারি মেয়াদ শেষের পর আর টাটা সন্সের চেয়ারম্যান পদে থাকবেন না। গত ১২ আগস্ট এই বার্তা দিয়েই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন এন চন্দ্রশেখরন। বৃহস্পতিবার সেই চন্দ্রশেখরনকে আবারও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিল টাটা সন্স বোর্ড। কিন্তু বেঁকে বসল টাটা ট্রাস্টস। সংশ্লিষ্ট সিদ্ধান্তকে রীতিমতো ‘অবৈধ’ আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা জানিয়েছেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। এদিন ভোটাভুটি চলাকালীন চন্দ্রশেখরনের পক্ষে চারটি ভোট পড়েছে। তাঁর বিরুদ্ধে একমাত্র ভোট দিয়েছেন নোয়েল টাটা। এর জেরে প্রকাশ্যে টাটাগোষ্ঠীর অন্দরের সংঘাত।
নোয়েল প্রস্তাবে সায় না দিলেও বোর্ডের বাকি সদস্য বেনু শ্রীনিবাসন, হরিশ মানওয়ানি, সৌরভ আগরওয়াল ও অনিতা এম জর্জ চন্দ্রশেখরনকে সমর্থন জানিয়েছেন। তাতেই সিদ্ধান্তটি গৃহীত হয়েছে। এরপরই ক্ষোভপ্রকাশ করে নোয়েল টাটার বক্তব্য, আমার মতামতকে অগ্রাহ্য করা হয়েছে। অবৈধভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেও টাটা সন্সের বোর্ড মিটিংয়ে চন্দ্রশেখরনের নিয়োগ নিয়ে বিরোধিতা করেছিলেন নোয়েল। সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া-সহ একাধিক সংস্থার বিপুল লোকসান সহ নানা ইস্যুতে দু’জনের মধ্যে মতবিরোধ দেখা যায়। এর জেরে আগস্ট মাসে সরে যাওয়ার কথা জানিয়েছিলেন চন্দ্রশেখরন।