


নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: সুবর্ণরেখা নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে এক কিশোর তলিয়ে গিয়েছে। সোমবার দুপুরে গোপীবল্লভপুর-১ ব্লকের কুড়িচামঠ গ্ৰাম সংলগ্ন জগন্নাথ ঘাটে ঘটনাটি ঘটে। সিভিল ডিফেন্সের সদস্যরা ১৫ বছরের শুভজিৎ খামরুইয়ের সন্ধান চালাচ্ছে। অন্য কিশোর তুফান খামরুইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। খাদানে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
সুবর্ণরেখা নদী সংলগ্ন কুড়িচামঠ গ্ৰামে শুভজিতের বাড়ি। আলমপুরের বাকড়া শ্যামা স্মৃতি বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টার সময় বন্ধুদের সঙ্গে নদীঘাটে স্নান করতে নেমেছিল। স্থানীয়রা কিশোরদের নদীর জলস্রোত বেড়ে যাওয়া নিয়ে সতর্ক পর্যন্ত করেছিলেন। নদীর গভীরে চলে গেলে দুই কিশোর ভেসে যায়। স্থানীয় মৎস্যজীবী রঞ্জিত রাউত তুফানকে উদ্ধার করেন। তিনি বলেন, নদীতে মাছ ধরছিলাম। ওরা জলে দাপাদাপি করছিল। আমি বাড়ি চলে যেতে বলেছিলাম। হঠাৎ চিৎকার শুনে দেখি দু’জন ভেসে যাচ্ছে। একজনকে উদ্ধার করতে পারলেও অন্যজনকে পারিনি। আশপাশের লোকজন ছুটে এসে নৌকা নামিয়ে খোঁজাখুঁজি শুরু করে। এখানে বালি খাদান আছে। ঘাট থেকে দূরে চলে যাওয়ায় তল খুঁজে পায়নি। নিষেধ শুনলে এই ঘটনা ঘটত না। আলমপুর পঞ্চায়েতের প্রধান নীলিমা সাউ বলেন, খবর নিয়ে জানলাম, বাবা মা জমিতে কাজ করতে চলে গিয়েছিল ওর এক ভাই ও বোন স্কুলে গিয়েছিল। ও স্কুলেও যায়নি। বন্ধুদের নিয়ে নদীতে স্নান করতে চলে এসেছিল। স্থানীয়রা নদীতে নামতে নিষেধ করা সত্ত্বেও শোনেনি। পরিবারের সদস্যরা এদিন কোনও কথা বলতে চাননি। গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে এদিন জানানো হয়, সিভিল ডিফেন্সের সদস্যরা নদীতে বোট নামিয়ে তল্লাশি চালাচ্ছে।