


‘আমরা দু’জনে জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য আলাদা করে কোনও এফর্ট দিইনি। দর্শকের জন্যই জুটিটা বেঁচে রয়েছে। তোমাদের কান্নায়, হাসিতে, রাগে, অভিমানে, অনুভূতিতে থেকে গিয়েছে দেব-শুভশ্রী জুটি’।
২০১৫ থেকে ২০২৫... এর মাঝে প্রিয় জুটিকে একসঙ্গে আর পর্দায় দেখেননি অনুরাগীরা। সেই আবেগের বাঁধ ভাঙল সোমবার। ‘ধুমকেতু’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নজরুল মঞ্চে মানুষের ঢল নেমেছিল। সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকলেন সকলে। একফ্রেমে, একমঞ্চে ফের দেব ও শুভশ্রী। দশ বছর পর। মঞ্চে এসে দর্শকদের উদ্দেশে প্রণাম জানান তাঁরা। আবেগপ্রবণ শুভশ্রী জানান, দর্শকদের জন্যই এতবছর পরেও জীবন্ত তাঁদের জুটি।
চেনা মেজাজে খুূনসুটি করেন দেবও। একসঙ্গে ক’টি ছবিতে অভিনয় করেছেন তাঁরা? সঞ্চালক রোহন ভট্টাচার্যের প্রশ্নের জবাবে দেব জানান, চারটি। বিরোরিতা করে শুভশ্রী বলেন, পাঁচটি। দেবের ঝটিতি উত্তর, ‘আমি পরীক্ষা করছিলাম, তোমার মনে আছে কি না। আমাদের জুটির ছবির সংখ্যা ছ’টি। ধূমকেতুকে ভুলে যেও না।’
মঞ্চে তখন অন্য পরিবেশ। হাত মেলালেন, সেলফি তুললেন, একসঙ্গে বসে আড্ডা দিলেন দেব-শুভশ্রী। সবটাই সম্ভব হল ‘ধূমকেতু’র জন্য। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জানালেন, ৪৭-এ তৈরি করে, সে ছবি মুক্তি পাচ্ছে ৫৭-এ। সোমবার তাঁর জন্মদিনেই মেলালেন সেই চিরপরিচিত জুটিকে। দেব ও শুভশ্রী— বাংলা সিনেমা যাঁদের অবদান কখনও ভুলবে না।