


টোকিও, ১৯ জুন: জাপানের রাজধানী টোকিওর একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিদ্যালয় জুড়ে। আগুন লাগার পর বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মীদের মধ্যে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হলেও দমকল বাহিনীর তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে সূত্রের খবর। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩০০ ছাত্রছাত্রী ও শিক্ষককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
দমকলবাহিনীর তথ্য অনুযায়ী, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত তাকিনোগাওয়া নং-৩ প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবনে প্রথম আগুনের সূত্রপাত। সঙ্গীতকক্ষের কাছে কালো ধোঁয়া বের হতে দেখেন প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আগুনের মধ্যে আটকে পড়া এক শিক্ষক এবং কয়েকজন শিক্ষার্থীকে থেকে উদ্ধার করা হয়। তাদের সামান্য আঘাত লেগেছে, তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির সম্প্রচারিত খবরে দেখা যায়, বিদ্যালয়ের চতুর্থ তলার জানালা দিয়ে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বেশ কয়েকটি দমকল ইঞ্জিন মোতায়েন করা হয়। আগুন লাগার সময় ভবনের ভেতরে থাকা অন্যান্য ছাত্রছাত্রী ও শিক্ষকরা নিজেরাই দ্রুত বিদ্যালয় থেকে বেরিয়ে এসে নিকটবর্তী একটি পার্কে আশ্রয় নেন। ফলে ভবনের ভেতরে কেউ আটকে পড়েননি। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। ঘটনাটির তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।