


মুম্বই, ২৪ অক্টোবর: সুগন্ধী বিক্রি ও র্যাপিডো চালকের আড়ালে চলত জঙ্গি মতাদর্শ প্রচার। টার্গেট করা হতো মূলত তরুণ-তরুণীদের। এর পরে চলত মগজ ধোলাই। নিষিদ্ধ সংগঠন জয়েশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুম্বই থেকে এক যুবককে গ্রেপ্তার করল মহারাষ্ট্র এটিএস। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে একথা জানানো হয়েছে। ধৃতকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের।
বছর ৩৩ বয়সি ধৃত যুবকের নাম মহম্মদ হাসান আবু সারমাদ আখতার। মাহিম মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহম্মদ হাসান আবু সারমাদ আখতারের গতিবিধির উপরে দীর্ঘদিন থেকে নজর রাখছিলেন গোয়েন্দারা। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাকে আটক করে মহারাষ্ট্র এটিএসের কালাচৌকি ইউনিট।
তদন্তকারীদের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাম্প্রদায়িক ঘৃণা ও দেশবিরোধী কাজকর্ম চালাচ্ছিল ধৃত জঙ্গি। তার বাজেয়াপ্ত মোবাইল ফোন থেকে আপত্তিকর নানা জিনিস উদ্ধার হয়েছে।