


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার রাজ্যজুড়ে গ্রাম পঞ্চায়েতগুলিকে ‘রিপোর্ট কার্ড’ দেবে কেন্দ্র। শীঘ্রই চালু হতে চলেছে নয়া মূল্যায়ন প্রক্রিয়া সংক্রান্ত প্রকল্প। এর নাম পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স (পাই)। অন্যান্য রাজ্যে এটি চালু হলেও এতদিন বঙ্গে শুরু হয়নি। বিজেপি সরকার এই নয়া মূল্যায়ন প্রক্রিয়ার কাজে নামতে চলেছে। সম্প্রতি জেলার আধিকারিকদের একটি প্রশিক্ষণ শিবিরে এই ব্যাপারে অভাস দেওয়া হয়েছে। পরে এই প্রকল্পের প্রশিক্ষণও দেওয়া হবে সংশ্লিষ্ট সকলকে। পানীয় জল, শিশু ও মহিলা বান্ধব, স্বাস্থ্য প্রভৃতি বিভাগে একটি পঞ্চায়েতের কাজ কেমন হয়েছে, কেন্দ্র নম্বর দেবে তারই নিরিখে। এজন্য সংশ্লিষ্ট পঞ্চায়েতকে পোর্টালে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে। পরে সেসব যাচাই করে দেখবেন আধিকারিকরা। কে কেমন কাজ করেছে, তার উপর প্রতিটি বিভাগে ১০০-র উপর নম্বর দেওয়া হবে। ফল প্রকাশের পর সেইমতো—ভালো বা খারাপ পঞ্চায়েতের বিভাজন করবে কেন্দ্র। দেওয়া হবে গ্রেড। যেমন ৯০-এর উপরে নম্বর পেলে ‘এ প্লাস’, ৭৫-৯০ এর মধ্যে কেউ স্কোর করলে তাকে ‘এ গ্রেড’ দেওয়া হবে। এভাবে নম্বরের ভাগ আছে।
ফলাফল বেরোনোর পর দুর্বল পঞ্চায়েতগুলির খামতি পূরণসহ উন্নতিতে কেন্দ্র ও রাজ্য একযোগে সাহায্য করবে। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের দাবি, বিকশিত ভারতের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাছাড়া যেসব সরকারি বা কেন্দ্রীয় প্রকল্প চলছে, সেগুলির অগ্রগতি সম্পর্কেও টাটকা তথ্য মিলবে। ফলাফলের ভিত্তিতে নীতি নির্ধারণ থেকে স্বচ্ছতার সঙ্গে গ্রামীণ প্রশাসন পরিচালনায় অনেক সুবিধা হবে।
সূত্রের খবর, পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স দেশে চালু হয়েছে অনেক আগেই। বিভিন্ন রাজ্যে পঞ্চায়েতগুলির দু-দফায় মূল্যায়ন হয়েও গিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যারা এতে এতদিন অংশ নেয়নি বা বিষয়টি এখানে চালু করা যায়নি। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলে আসায় এটি শুরু হতে আর কোনো বাধা নেই। নবান্ন সূত্রের খবর, এই প্রকল্প চালু করার ব্যাপারে প্রস্তুতি চলছে। এখন মন্ত্রকের বিজ্ঞপ্তি জারি শুধু সময়ের অপেক্ষা।