


সংবাদদাতা, ময়নাগুড়ি: শিশুদের তৈরি করা রথ নজর কাড়ল ওয়ার্ডের বাসিন্দাদের। ছোটদের সঙ্গে আনন্দে শামিল হলেন বড়রাও। ময়নাগুড়ি শহরের ১৬ নম্বর ওয়ার্ডের প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর প্রায় সাত জন খুদে একত্রিত হয়ে সাত দিনের প্রচেষ্টায় তৈরি করেছে রথ। আজ, বৃহস্পতিবার সকালে রীতিমতো পুজো দিয়ে, প্রসাদ বিতরণ করে এই রথ পরিক্রমা করে ওয়ার্ডের বিভিন্ন রাস্তায়।
১৬ নম্বর ওয়ার্ডের শহিদগড় স্কুল পাড়ার খুদেরা কাঠের বাক্স, কাঠের তক্তা, কাঠি, কাগজ সহ নানা উপকরণ দিয়ে তৈরি করেছে এই রথ। জগন্নাথ দেবের প্রতিমাও নিয়ে আসা হয়েছে। এই রথকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই আনন্দে মেতে ওঠে তারা। সঞ্জয় সেন, নিকিতা মন্ডল, পাপিয়া সেন, শ্রেয়সী চক্রবর্তী বলে, আমরা নিজেদের হাতে এই রথ তৈরি করেছি। খুব আনন্দ হয়েছে সকাল থেকে। রথের চাকা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। রথে দড়ি লাগানো হয়েছে। পাড়ার কাকিমারাও রথের দড়ি টেনেছেন। প্রত্যেককে আমরা প্রসাদ দিয়েছি।