


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আয় বৃদ্ধি থেকে পঞ্চায়েত প্রতিনিধিদের প্রশিক্ষণ, পরিকাঠামো তৈরি থেকে পরিকল্পনা রূপায়ণ— উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যেসব জেলা উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে, তাদের অনুসরণ করবে অন্য রাজ্যও। কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের নির্দেশে এ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। পরে তা দিল্লি পাঠানো হবে। মন্ত্রকের দাবি, সব রাজ্যেরই কোনও না কোনও ক্ষেত্রে ‘বেস্ট প্র্যাকটিস’ আছে, যা বাকিরা অনুসরণ করতে পারলে সার্বিক উন্নতি হবে। এই লক্ষ্য নিয়েই দেশের সব রাজ্য থেকে পঞ্চায়েতের বিভিন্ন বিভাগভিত্তিক উল্লেখযোগ্য কাজের তথ্য চাওয়া হয়েছে। অর্থাৎ, ভালো কাজের তথ্য রাজ্যগুলির মধ্যে আদানপ্রদানে উদ্যোগী হয়েছে মন্ত্রক।
যেমন, জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের ক্ষেত্রে নদীয়া থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আয়ের সংস্থান নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার ভূমিকা কী ছিল, তাও জানাতে নির্দেশ দিয়েছে দপ্তর। স্বচ্ছতার সঙ্গে পঞ্চায়েত পরিচালনার জন্য উত্তর ২৪ পরগনা এবং মালদহের কাছে তথ্য চাওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও দক্ষিণ ২৪ পরগনা রাস্তাঘাট, পানীয় জল সরবরাহের মতো পরিকাঠামো গড়ার রিপোর্ট দেবে। পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য বাছা হয়েছে পুরুলিয়াকে। এই সব জেলা মূলত তাদের গৃহীত শ্রেষ্ঠ পদক্ষেপগুলি তুলে ধরবে।
মন্ত্রকের আরও বক্তব্য, নানা উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে বেশ কিছু রাজ্য নানা বিভাগে উন্নতি করছে। কিন্তু এখনও পিছিয়ে আছে একাধিক রাজ্য। তাই তাদের সামনে এই কাজগুলি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হবে। সব রাজ্য থেকে ‘বেস্ট প্র্যাকটিস’ সংক্রান্ত রিপোর্ট দিল্লি এসে গেলে তার ভিত্তিতে কর্মশালা আয়োজন করবে মন্ত্রক।