


সংবাদদাতা, গঙ্গারামপুর: সমাজ মাধ্যমে এখন নস্টালজিয়ার ঢেউ। ৮০-৯০ দশকের সিনেমার নায়ক-নায়িকাদের পোশাক ও স্টাইল নতুন করে ট্রেন্ডিং হচ্ছে। আর সেই ট্রেন্ডের প্রভাব পড়েছে পুজোর বাজারে। তরুণ-তরুণীদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে সেই সময়ের ঢিলেঢালা পোশাক। বধূদের সাজে এসেছে বদল। রাজ্যের চেনা তাঁতের শাড়ির পাশাপাশি ভিন রাজ্যের বিভিন্ন ধরনের শাড়ির চাহিদা বাড়ছে।
৮০-৯০ দশকে সমাজ মাধ্যমের এতটা প্রভাব ছিল না। বিনোদনের অন্যতম মাধ্যম ছিল সিনেমা। পর্দায় নায়ক-নায়িকারা যে ধরনের পোশাক পরতেন তাই হয়ে উঠত যুবসমাজের ফ্যাশন ট্রেন্ড। তথ্যপ্রযুক্তির যুগে এবার সেই পুরনো দিনের ফ্যাশন নতুন মোড়কে ফিরে এসেছে। বিভিন্ন ওয়েবসাইট ও সমাজ মাধ্যমে পুরানো দিনের ছবি ও স্টাইল নতুন করে ভাইরাল হওয়ায় নবীন-প্রবীণ অনেকে সেই নস্টালজিয়ায় গা ভাসিয়েছেন। রবিবারের পুজোর বাজারে গঙ্গারামপুর ও বালুরঘাটের নামী বস্ত্র বিপণিগুলিতে দেখা গেল তার প্রতিফলন। ছেলেদের কালেকশনে জায়গা করে নিয়েছে প্যারালাল ও বেলবটম প্যান্ট, জুটের টিশার্ট, অফ-শোল্ডার টি-শার্টের মতো পোশাক। মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে স্ট্রেট ফিট, ব্যাগি ফিট, কট সেট, সালসা সালোয়ার ও শর্ট সারারারা। স্কিনি ফিটের বদলে ঢিলেঢালা পোশাকে বেশি আগ্রহ দেখাচ্ছেন তরুণীরা। বধূদের পোশাকে এসেছে বৈচিত্র্য। চেনা তাঁতের শাড়ির পাশাপাশি চাহিদা বাড়ছে মুম্বইয়ের পশমিনা সিল্ক, শান্তিপুরের কারদান, হায়দরাবাদের মঙ্গলগিরি ও মাদুরাই সিল্কের মতো বিভিন্ন শাড়ির। রবিবার সকাল থেকে গঙ্গারামপুর শহরের নামী বস্ত্র বিপণিগুলিতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকের মুখে ঘুরেছে ৮০-৯০ দশকের পোশাকের নাম। ফলে এবারের পুজোয় ধুতি-পাঞ্জাবি অনেকটাই অষ্টমী স্পেশালের গণ্ডিতে থাকছে বলে ব্যবসায়ীদের দাবি। গঙ্গারামপুরের বস্ত্র বিপণির মালিক রাহুল আগরওয়াল বলেন, সমাজ মাধ্যমে ৮০-৯০ দশকের ছবি যেভাবে ভাইরাল হয়েছে তার প্রভাব পুজোর বাজারে পড়েছে। ক্রেতারা সরাসরি পোশাকের নাম করে চাইছেন। জুটের টিশার্টের ভালো চাহিদা রয়েছে। বিভিন্ন রাজ্য থেকে এই ধরনের পোশাক আনাতে হচ্ছে। নতুন প্রজন্মের ক্রেতা প্রীতম সাহা বলেন, সমাজ মাধ্যমে নিজের ছবি দিয়ে ৮০-৯০ দশকের ট্রেন্ডিং স্টাইল করেছি। এবার পুজোয় সেই স্টাইল বাস্তবে পরতে চাই। তাই পছন্দের তালিকায় রয়েছে সেই সময়ের পোশাক। অনুশ্রী মজুমদার বলেন, এখন যা ট্রেন্ডিং চলছে সেটাই নিচ্ছি। স্কিনি ফিটের বদলে ঢিলেঢালা পোশাক চলছে। ৮০-র দশকের সেই স্টাইলের পোশাক পেয়ে বেশ ভালো লাগছে। নতুনত্ব থাকলে ক্ষতি কী? নিজস্ব চিত্র