


অনুভব সেনগুপ্ত, ৩০ সেপ্টেম্বর: দুর্গা পুজো যত এগিয়ে আসছে ততই সেজে উঠছে শহরের পুজো মণ্ডপগুলো। বেহালার অন্যতম নামী পুজো বড়িশা সার্বজনীন। ৭৮ বছরে পড়া এই পুজোর এবারের ট্যাগলাইন ' আশিতে আসিও ৮ এর তরে'। একটা সময় ছিল ছোটদের হাতে হাতে ঘুরতো তালপাতার সেপাই। শিশু হাতে এই সেপাই ছিল সময় কাটানোর এক বড় বিষয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে প্রযুক্তি। এসেছে অত্যাধুনিক খেলনা। হারিয়ে গিয়েছে তালপাতার সেপাইরা। বড়িশা সর্বজনীনের পুজোয় সেই সিপাইদেরই ফিরিয়ে আনছেন শিল্পী বাপাই সেন।
বেহালার আরেক নামী পুজো নতুন দল। ৬১ বছরে পড়া এই পুজোর থিম এবার পার্বণ। কথায় বলে বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। আর সেই তেরো পার্বণের অন্যতম প্রধান বলাই যায় দুর্গাপুজোকে। শিল্পী সোমনাথ তামালি দুর্গাপূজার মঞ্চকে বাঙালীর হরেক পার্বণের টুকরো কোলাজ দিয়ে গড়ে তুলছেন।
দক্ষিণ কলকাতার আরেক নামী পূজো হরিদেবপুর ৪১ পল্লী। ৬৯ বছরে পড়া এই পুজোর থিম এবার দ্বৈত। মূলত, বৃহন্নলাদের জীবন সংগ্রামের গল্প বলবে এই পুজো। শিল্পী গৌরাঙ্গ কুইল্যা নিজের শিল্পের মধ্যে দিয়ে এই পুজোর মাধ্যমে সমাজে দ্বৈত সত্তা নিয়ে বেঁচে থাকা মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার বার্তা দিচ্ছেন।