


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের গান ও থিয়েটারের গল্প সমন্বয়ে রচিত আলেখ্য ‘রঙ্গালয়ে রবি’ শীর্ষক এক মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দিল শান্তিনিকেতনের স্থাপনা সংস্থা। জ্ঞানমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে অসামান্য বাচনভঙ্গিমায় সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের নাট্যাভিনয়ে ভাষ্যপাঠ এবং প্রকৃতি ও প্রত্যুষ মুখোপাধ্যায়ের গানে সাজানো একটি উপস্থাপনা। বাংলার সাধারণ রঙ্গমঞ্চ ও রবীন্দ্রনাথ বিষয়ক আলোচনায় পাবলিক থিয়েটার সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ও তাঁকে কীভাবে গ্রহণ করা হয় সেসব প্রসঙ্গ উঠে আসে। রবীন্দ্রনাথের জীবিতকালের থিয়েটারগুলির আলোচ্য বিষয়ে তুলে ধরা হয়। বাংলার সাধারণ রঙ্গমঞ্চে রবি ঠাকুরের প্রায় ২৫টি রচনার মধ্যে ছোটো গল্প, উপন্যাস নিয়ে থিয়েটার অভিনীত হয়েছিল। প্রতিটি রচনার পিছনের গল্প ও নাটকে ব্যবহৃত ‘আজ তোমারে দেখতে এলেম’, ‘আমি চঞ্চল হে’, ‘ওরে গৃহবাসী’ ইত্যাদি গান, ‘চিরকুমার সভা’, ‘বিসর্জন’, ‘চোখের বালি’ সহ বেশ কিছু লেখনীর অংশ বর্ণিত হয়। গবেষণাধর্মী এই কাব্যালেখ্যটির ভাবনা ও ভাষ্যরচনায় প্রকৃতি মুখোপাধ্যায় প্রশংসনীয়। অনুষ্ঠানের প্রাক কথনে আলোচ্য বিষয়ের সূত্র ধরে দেন ডঃ পবিত্র সরকার।
কলি ঘোষ