


দুবাই: সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে বুধবার এশিয়া কাপে অভিযান শুরু করতে চলেছে ভারত। তবে ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রবিবারের মহারণের দিকে। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচের আগে ভারতীয় শিবিরে যুদ্ধং দেহি মেজাজ। অধিনায়ক সূর্যকুমার যাদবের কথাতেই তা স্পষ্ট। মঙ্গলবার তিনি বলেন, ‘আগ্রাসী ক্রিকেট খেলব। আগ্রাসন ছাড়া জেতা সম্ভব নয়।’ তুলনায় পাক অধিনায়ক সলমন আলি আঘা শান্ত। তাঁর কথায়, ‘আগ্রাসনের ব্যাপারটা ব্যক্তিগত। সেটা একজন ক্রিকেটারের নিজস্ব সিদ্ধান্ত। তবে আমি কাউকে আগ্রাসী হওয়ার নির্দেশ দিচ্ছি না।’
আট দলীয় এই আসরে অনেকের চোখেই টিম ইন্ডিয়া ফেভারিট। তবে সূর্য সেভাবে দেখছেন না। তিনি বলেছেন, ‘কে আমাদের ফেভারিট বলল? আমি তো এমন কিছু শুনিনি। এটা ঠিক যে, প্রস্তুতি ভালো হলে মাঠে নামার সময় আপনা থেকেই আত্মবিশ্বাস এসে যায়। আমরা দীর্ঘদিন পরে এই ফরম্যাটে মাঠে নামলেও ৩-৪ দিন ধরে এখানে রয়েছি। দল হিসেবে আমরা যথেষ্ট তৈরি। এই আসরে নিজেদের মেলে ধরতে সবাই প্রস্তুত।’
ভারত শেষবার টি-২০ আন্তর্জাতিকে খেলেছিল সাত মাস আগে। তবে তা কোনও সমস্যা তৈরি করবে না বলেই বিশ্বাস অধিনায়কের। সূর্য বলেছেন, ‘জানুয়ারি-ফেব্রুয়ারির পর দেশের জার্সিতে আমরা টি-২০ ম্যাচ খেলিনি। তবে ছেলেরা সকলে আইপিএলে খেলেছে। এশিয়া কাপের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।’ তবে পরীক্ষার পথে দল হাঁটবে না বলেই জানিয়েছেন সূর্য। তাঁর মতে, ‘সব ঠিকঠাক চললে রদবদলের দরকার কী? ভালোই খেলছে দল। তাহলে অহেতুক পরিবর্তন করা হবে কেন?’ টিম ইন্ডিয়ায় অভিষেক শর্মা, রিঙ্কু সিং, তিলক ভার্মারা সকলেই হাত ঘোরাতে পারেন। দলে এতজন পার্ট-টাইম বোলারের উপস্থিতি নিয়ে ক্যাপ্টেনের মন্তব্য, ‘এটা বাড়তি সুবিধার। টপ-অর্ডার ব্যাটার যদি একটা ওভার বল করে দেয়, তাহলে অধিনায়কের হাতে বিকল্প বাড়ে।’ বুধবারের ম্যাচ প্রসঙ্গে সূর্যকুমার বলেছেন, ‘আমিরশাহি আকর্ষণীয় ক্রিকেট খেলছে। তাই ওদের হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই নেই।’