


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোট বড় বালাই! লোকসভায় তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বলতে হল বাংলায়। বললেন, ‘চা বাগানের ৩.৭ লাখ শ্রমিকের সঙ্গে অন্যায় করেছে টিএমসি।’ এবার নয় দুবার। বললেনও, ‘আমি আবারও বলছি।’ যদিও নির্মলার এই মন্তব্যের প্রবল বিরোধিতা করেছে তৃণমূল। যদিও সভায় সেসময় উপস্থিত ছিলেন মাত্র তিন তৃণমূল সাংসদ। সৌগত রায়, প্রতিমা মণ্ডল এবং জুন মালিয়া। বাকি তৃণমূল বেঞ্চ ছিল ফাঁকা।
অর্থবিলের জবাবি ভাষণে চা শ্রমিক প্রসঙ্গ তুলে নির্মলা বললেন, প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রতসাহন যোজনা চালু হয়েছে ২০২১-২২ সালে। অসমে চা বাগান আছে। সেখানকার সরকার ২৯৩ কোটি টাকা খরচ করেছে। সাত লক্ষ শ্রমিকের উন্নয়নে কাজ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে চা বাগান থাকলেও তৃণমূল সরকার কিছু করেনি। বরং প্রতিশোধের রাজনীতি করছে। ৩.৭৯ লাখ চা শ্রমিকের সঙ্গে অন্যায় করেছে। সংসদে সীতারামনের মুখে এই আচমকা আক্রমণ শুনে স্রেফ তৃণমূল নয়, প্রতিবাদে গর্জে ওঠে বিরোধী শিবির। বলেন, এভাবে আপনি সমালোচনা করতে পারেন না। বিষয়ে কথা বলুন। যা দেখে সীতারামনও পালটা বলেন, বাহ বাহ। রাজ্যে রাজ্যে এক অপরের সঙ্গে কুস্তি আর এখানে দোস্তি? রাজ্যে তো একে অন্যের বিরুদ্ধে লড়ছেন, আর এখানে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ দেখাচ্ছেন! পালটা বিরোধীরাও শুনিয়ে দেয়, আমরা একজোটই আছি। আপলোগ হামে তোড় নেহি সকতে।