


সংবাদদাতা, কল্যাণী: অমৃত ভারত প্রকল্পের অধীনে সেজে ওঠা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে যাবতীয় পরিষেবার উদ্বোধন হতে চলেছে। ২২ মে ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে শুক্রবার চূড়ান্ত পর্যায়ে পরিষেবার বিষয়গুলি খতিয়ে দেখেন শিয়ালদহের ডিভিশনের রেল আধিকারিকরা। এটি রাজ্যে অমৃত ভারত প্রকল্পের আওতায় কাজ শেষ হওয়া প্রথম স্টেশন।
কল্যাণী ঘোষপাড়া স্টেশনটি কল্যাণী থেকে কল্যাণী সীমান্ত স্টেশনের মাঝে অবস্থিত। সারাদিনে ১৪টি করে আপ ও ডাউন ট্রেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন দিয়ে চলাচল করে। এই স্টেশনের পাশেই রয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং কল্যাণীর সরকারি আইটিআই। প্রচুর পড়ুয়া, অধ্যাপক, অধ্যাপিকারা এই স্টেশন ব্যবহার করেন। এছাড়া সতীমায়ের মেলার জন্যও পরিচিত এই স্টেশন। শিয়ালদহ ডিভিশন সূত্রে জানানো হয়েছে, স্টেশন ভবনের পরিকাঠামো বদল, বিশ্রামাগার, শেডের উন্নয়ন, জিপিএস ঘড়ি, শৌচাগার, বসার আসন, পানীয় জল সবই আধুনিক মানের করে তৈরি করা হয়েছে। এই ডিভিশনে মোট ১৮টি স্টেশন আধুনিক করা হচ্ছে। তার মধ্যে এই স্টেশনটি অন্যতম। ভার্চুয়ালি সারা দেশের ১০৩টি স্টেশনের সঙ্গে এই স্টেশনেও আধুনিক পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ মে কল্যাণীতে সেই অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের থাকার কথা। -নিজস্ব চিত্র