


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আগে সিগন্যাল চালু ছিল। রাস্তা পেরতে পারত মানুষ। ইউ টার্ন করার সুযোগ ছিল গাড়ি ও বাইকের। কিন্তু গত কয়েকবছর ধরে ভিআইপি রোডের উপর তেঘরিয়া সিগন্যাল বন্ধ রাখা আছে। দুই লেনের মাঝখানে লোহার গ্রিল বসিয়ে আটকে দেওয়া হয়েছিল রাস্তা। ইউ টার্নের সুবিধা এবং নাগরিকদের যাতায়াতের সুবিধায় সিগন্যালটি খোলার দাবি উঠেছিল। বিষয়টি সম্পর্কে রাজারহাট-গোপালপুরের বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি রাজ্য সরকারকে জানান। অবশেষে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিগন্যাল খুলতে চলেছে। মঙ্গলবার থেকে সে কাজের প্রস্তুতি শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে শুরু হবে। তারপর আগের মতোই স্থায়ীভাবে সিগন্যাল চালু হবে। উল্টোডাঙার দিক থেকে এয়ারপোর্টগামী লেনে বাগুইআটি ফ্লাইওভার থেকে নামার পর এয়ারপোর্ট ফ্লাইওভারের ওঠার আগে একটি ইউ টার্ন রয়েছে। হলদিরাম ক্রসিং বন্ধ হওয়ার পর মাস কয়েক আগে হজ হাউসের কাছে কৈখালি ট্রাফিক গার্ডের কাছে একটি ফ্রি ইউ টার্ন করা হয়। এতে যান চলাচলে সুবিধা হয়। তেঘরিয়া সিগন্যালও চালু হলে অনেকে উপকৃত হবেন। তবে মানুষের দাবি, ফ্লাইওভার থেকে গাড়ি নামার পর দ্রুত গতিতে আসে। তাই নিয়ন্ত্রণও করতে হবে। বিধাননগর কমিশনারেটের এক পুলিশ আধিকারিক বলেন, সিগন্যাল পোস্টগুলি পরীক্ষা করা হচ্ছে। প্রথমে পরীক্ষামূলকভাবে ফ্রি ইউ টার্ন চালু করা হবে। তারপর বিষয়টি চূড়ান্ত হবে। এ বিষয়ে বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের বার্তা দিয়ে বলেছেন, বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি নিয়মকানুনের কারণে বিষয়টি সহজ ছিল না। তবে বারবার অনুরোধ ও ধারাবাহিক প্রচেষ্টার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের আশীর্বাদ এবং প্রশাসনের সদিচ্ছায় আপাতত সেখানে ট্রায়াল ভিত্তিতে একটি ট্রাফিক সিগন্যাল চালু করা হচ্ছে। সব কিছু স্বাভাবিকভাবে চললে ভবিষ্যতে এটি স্থায়ীভাবে চালু করার উদ্যোগ নেওয়া হবে। জোড়ামন্দির থেকে কৈখালি পর্যন্ত মাঝখানে কোনও ইউ টার্ন না থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এতে তেঘরিয়া বাজারের দিক থেকে আসা মানুষ সহজেই সোজাসুজি লোকনাথ মন্দিরের দিকে অথবা ডানদিকে ঘুরে বাগুইহাটির দিকে যেতে পারেন।