


নয়াদিল্লি: অপেক্ষাকৃত ভালো মানের কাজ ও বেশি উপার্জনের সুযোগ সত্ত্বেও ১০ লক্ষাধিক জনসংখ্যার শহরগুলিতে বেকারত্বের হার ৪.৯ শতাংশ। তুলনায় অন্য শহরাঞ্চলে বেকারত্বের হার অপেক্ষাকৃত কম— ৪.৭ শতাংশ। ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান দপ্তর (এনএসও)। সরকারি রিপোর্টেই স্পষ্ট, দেশের ৪৬টি বড়ো শহর (১০ লক্ষাধিক জনসংখ্যার) উল্লেখযোগ্যভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যর্থ। ওই রিপোর্টে বলা হয়েছে, বড়ো শহরগুলিতে ৫৮.৫ শতাংশ শ্রমিক নিয়মিত বেতন বা মজুরি পান। অন্যান্য শহরাঞ্চলে এই হার ৪২.৯ শতাংশ। তাছাড়া, বড়ো শহরগুলিতে মাত্র ৬.৩ শতাংশ শ্রমিক অস্থায়ী শ্রমে নিযুক্ত। অন্যান্য শহরাঞ্চলে এই হার তুলনায় অনেকটাই বেশি। ১৪.৪ শতাংশ।
এনএসও রিপোর্ট বলছে, ব্যবসায়িক উদ্যোগ সংক্রান্ত কর্মকাণ্ডের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা, সুরাত ও গ্রেটার হায়দরাবাদ। ১০ লক্ষাধিক জনসংখ্যার শহরগুলির সামগ্রিক কর্মকাণ্ডের ২২ শতাংশেরও বেশি যৌথভাবে শুধুমাত্র এই তিনটি শহরে। অসংগঠিত ক্ষেত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মহিলা উদ্যোগপতিরা। ৪৬টি শহরের মধ্যে ৩২টিতে ২০ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান মহিলাদের মালিকানাধীন।