


নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের শুল্ক প্রাচীরে ধাক্কা খেয়েছে সারা বিশ্বের অর্থনীতি। নাভিশ্বাস উঠেছে শেয়ার বাজারেও। রেহাই পায়নি ভারতও। সোমবার মুখ থুবড়ে পড়েছে সেনসেক্স ও নিফটি। এই শেয়ার বাজারের এই রক্তক্ষরণ থাবা বসাল ভারতের ধনকুবেরদের সিন্দুকেও। দেশের চার শীর্ষ বিলিওনেয়ার মুকেশ আম্বানি, গৌতম আদানি, সাবিত্রী জিন্দাল ও তাঁর পরিবার এবং শিব নাদারের সম্পদের পরিমাণ এক ধাক্কায় মোট প্রায় এক হাজার কোটি ডলার অর্থাৎ ৮৫ হাজার কোটি টাকা কমেছে। ফোর্বসের রিয়েল টাইম বিলিওনেয়ার তালিকা থেকে এই তথ্য সামনে এসেছে।
শেয়ার বাজারে এভাবে ধস নামায় সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়তে হয়েছে ভারতের ধনীতম শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে। তাঁর সম্পদ ৩৬০ কোটি ডলার কমেছে। আম্বানির মোট সম্পদ কমে হয়েছে ৮৭.৭ বিলিয়ন ডলার (প্রায় ৭ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা)। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির সম্পদ ৩০০ কোটি ডলার কমেছে। তাঁর মোট সম্পদ কমে হয়েছে প্রায় ৫৭.৩ বিলিয়ন ডলার (প্রায় ৪ লক্ষ ৯২ হাজার কোটি টাকা)। ও পি জিন্দাল গ্রুপের মালিক সাবিত্রী জিন্দাল ও তাঁর পরিবারের মোট সম্পদে ২২০ কোটি ডলারের ধাক্কা লেগেছে। তাঁদের মোট সম্পদ কমে দাঁড়িয়েছে ৩৩.৯ বিলিয়ন ডলার ( প্রায় ২ লক্ষ ৯১ হাজার কোটি টাকা)। সাবিত্রী জিন্দাল সারা বিশ্বের ধনকুবেরদের তালিকায় ৪৬ তম স্থানে রয়েছে। এইচসিএল টেকনোলজিজের প্রতিষ্ঠাতা শিব নাদারের সম্পদও ১৫০ কোটি ডলার হ্রাস পেয়েছে। তাঁর সম্পদের মোট পরিমাণ কমে হয়েছে ৩০.৯ বিলিয়ন ডলার ( প্রায় ২ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা)।