


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণ মানুষ নিজের সমস্যা যাতে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন সেই জন্যই ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী শুরু করেছিলেন জনতার দরবার। এই জনতার দরবার কর্মসূচির আজ ছিল অষ্টম দিন। এদিন জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রয়াত আইপিএস অফিসার পঙ্কজ দত্তের স্ত্রী ইন্দ্রানী দত্ত। অভিযোগ আর জি কর কাণ্ডের পর পঙ্কজ দত্তের বক্তব্যকে কেন্দ্র করে তাকে হেনস্তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বড়তলা থানায় ডেকে তাকে দিনের পর দিন হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপরই মানসিকভাবে ভেঙে পড়া পঙ্কজ বাবুর সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয়। ক্ষমতায় এসে সেই সময়ের বড়তলা থানার আইসি এবং আইও-কে সাসপেন্ড করে বর্তমান সরকার। নতুন করে এই ঘটনা নিয়ে আরও একটি এফআইআর করেছেন পঙ্কজ দত্তের স্ত্রী। আজ জনতার দরবারে এসেছিলেন তিনিও।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৪৩ জন এলেন নিজেদের সমস্যার সমাধানের খোঁজে। কেউ দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার তো কারো জমি জবর দখল করে তৈরি হয়েছে বহুতল। এসেছিলেন বাঁকুড়ার কতুলপুরে খুন হওয়া বিজেপি কর্মী সুমন মণ্ডলের বাবা এবং বোন। তারাও ছেলের খুনের ন্যায় বিচার চেয়ে আবেদন করেন মুখ্যমন্ত্রীর কাছে।
আজকের আগে আরো সাতটি জনতার দরবার কর্মসূচি হয়েছে। সেখানে অভিযোগ জানাতে এসেছন অনেকেই। আজ এলেন সমস্যা জানিয়ে সুরাহা পাওয়া অনেকেই। সমস্যার সমাধানের পর মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন তারা।