


মেলবোর্ন: আগামী বছর ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তবে প্যাট কামিন্সদের জন্য থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ। আসলে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড প্র্যাকটিস ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না। বরং তিনি গতবারের মতো নির্দিষ্ট কোনও শহরে দীর্ঘসময়ের ক্যাম্প করতে চান। তবে তা কোন শহরে হবে, তা অবশ্য এখনও ঠিক হয়নি। ম্যাকডোনাল্ডের কথায়, ‘ভারতে টেস্ট সিরিজে সাফল্য পাওয়া কঠিন। প্রত্যেক ভেন্যুর পরিবেশ ও পিচের চরিত্র হয় ভিন্ন। তাই আমরা চাইছি, যে ধরনের পিচে খেলা হবে, সেরকমই উইকেটেই অনুশীলন করতে। দেখা যায় শেষ পর্যন্ত কী দাঁড়ায়।’
২২ বছর হয়ে গেল ভারতের মাটিতে টেস্ট সিরিজে জিততে ব্যর্থ অস্ট্রেলিয়া। শেষবার তারা ২০০৪-০৫ মরশুমে সাফল্য পেয়েছিল। তারপর প্রত্যেকবারই বিপুল প্রত্যাশা জাগিয়ে ক্যাঙারু বাহিনী ভারতে এসেছে। ফিরেছে খালি হাতে। ২০২৭ সালের সিরিজকে তাই বাড়তি গুরুত্ব দিচ্ছেন অজি কোচ ম্যাকডোনাল্ড। মনে রাখা দরকার, দীর্ঘ ৫৭ বছর পর ভারতের মাটিতে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ২১ জানুয়ারি শুরু প্রথম টেস্ট। খেলাটি হবে নাগপুরে। বাকি ম্যাচগুলি চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আমেদাবাদে।