


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমেরিকার শুল্ক নীতি নিয়ে এমনিতেই গোটা বিশ্ব চিন্তিত। সেখানে গোদের উপর বিষফোঁড়া হয়েছে টাকার দামের পতন। এই সবই সোনার দামকে রকেট গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাজধানী দিল্লি তো বটেই, কলকাতাতেও রেকর্ড গড়ল সোনার দর। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল রুপোও। রেকর্ড গড়ল সেই দরও।
ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়ার দর অনুযায়ী, সোমবার কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার ১০ গ্রাম সোনার দর যায় ১ লক্ষ ৫ হাজার ৩০০ টাকা। শনিবার সেই দর ছিল ১ লক্ষ ৪ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট বিশুদ্ধতার গয়না তৈরির সোনার ১০ গ্রামের দামও সোমবার এক লক্ষ টাকার গণ্ডি টপকে যায়। যেখানে শনিবার তার দর ছিল ৯৯ হাজার ২০০ টাকা, তা সোমবার পৌঁছায় ১ লক্ষ ১০০ টাকায়। দিল্লিতেও সোমবার ২৪ ক্যারেট সোনার দর এক হাজার টাকা বেড়ে হয় ১ লক্ষ ৫ হাজার ৬৭০ টাকা। কলকাতায় এক কিলো খুচরো রুপোর দর সোমবার পৌঁছেছে ১ লক্ষ ২৩ হাজার ৭০০ টাকায়। একদিনের তফাতে কেজি পিছু রুপোর দর বেড়েছে ২,৪০০ টাকা। সব দরের সঙ্গেই যোগ হবে ৩ শতাংশ হারে জিএসটি। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার শুল্কনীতি নিয়ে এখনও বিশ্বজুড়ে দোলাচল অব্যহত। মার্কিন আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে ‘বেআইনি’ আখ্যা দেওয়ায়, তা নিয়ে রাজনীতি ও বাজারে দোলাচল দেখা দিয়েছে নতুন করে। এরই মধ্যে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদের হার কমাতে পারে বলে পূর্বাভাস। সেই কারণে বাজার এখন কিছুটা ধন্দে। তার জেরে লগ্নিকারীরা আপাতত নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন। যেহেতু বিশ্বজুড়ে সোনার চাহিদা বাড়ছে, তাতে দামও বাড়ছে। পাল্লা দিয়ে রুপোর দামবৃদ্ধির অন্যতম কারণও বিশ্ব অর্থনীতির দোলাচল। উৎপাদন শিল্পে রুপোর ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাওয়াও তার দামবৃদ্ধির অন্যতম কারণ। ডলার সহ আন্তর্জাতিক মুদ্রাগুলির নিরিখে টাকার দাম কমছে। ফলে চড়া দরে আমদানি ওই দুই ধাতুর দাম বাড়াচ্ছে।