


চেন্নাই: লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধির জন্য ডিলিমিটেশন বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। এই বিল পাশ করিয়ে বিজেপি আদতে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানতে চাইছে বলে অভিযোগ বিরোধীদের। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রভাব লোকসভায় কমতে চলেছে বলেও অভিযোগ। এবার কেন্দ্রের আসন পুনর্বিন্যাসের পরিকল্পনাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার তামিলনাড়ুর মহাবলীপুরমে রাহুল বলেন, ‘তামিলনাড়ুর রাজনৈতিক শক্তি কেড়ে নেওয়ার জন্যই বিজেপি আসন পুনর্বিন্যাসের ষড়যন্ত্র করছে। যারা এই উদ্যোগকে সমর্থন করছে, তারা একুশ শতকের এট্টাপ্পান (তামিল ভাষায় বিশ্বাসঘাতক)। কোনো তামিল নাগরিক এই বিলকে সমর্থন জানাতে পারেন না। সংসদে ডিলিমিটেশন বিলকে হারানোর জন্য সব দলকে আহ্বান জানিয়েছেন রাহুল।
এদিন তামিলনাড়ুতে আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবারের সঙ্গেও দেখা করেন রাহুল। পরে রাহুল এক্স হ্যান্ডলে লেখেন, ‘সন্তান হারানোর শোকে কাতর বাবা-মাকে দেখার চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। অকালে ঝরে যাওয়া প্রতিটি প্রাণের জন্য পরিবারগুলি আজীবন গভীর যন্ত্রণা বয়ে বেড়াবে। এর সঙ্গেই ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্নও ওঠে। পড়ুয়াদের বলা হয় সততার সঙ্গে কাজ করতে, অথচ যে ব্যবস্থা রয়েছে, তা আদৌ সত্ নয়।’ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বিঁধেছেন রাহুল। তিনি লিখেছেন, ‘পড়ুয়াদের ক্ষমা করার কথা বলার মতো ধৃষ্টতা প্রধানমন্ত্রীর রয়েছে। কিন্তু তিনি সন্তান হারানো কোনো পরিবারের সঙ্গে দেখা করেছেন কি? উত্তর হল, না।’