


সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: ভোটমুখী রঘুনাথগঞ্জে মঙ্গলবার বিকেলে এক নজিরবিহীন জনস্রোত দেখল শহর। জঙ্গিপুর বিধানসভার জোড়া ফুল শিবিরের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক জাকির হোসেনের সমর্থনে আয়োজিত নির্বাচনী পদযাত্রায় শামিল হলেন হাজার হাজার মহিলা। এদিন বিকেলের সূর্য যখন ঢলছে, তখন ম্যাকেঞ্জিপার্ক ময়দান থেকে শুরু হওয়া এই মিছিল মুহূর্তের মধ্যেই রূপ নেয় জনসমুদ্রে। এদিন আয়োজকদের দাবি, প্রায় পাঁচ হাজারেরও বেশি মহিলা এই পদযাত্রায় পা মিলিয়েছেন। শহরের অলিগলি পেরিয়ে মিছিলটি রঘুনাথগঞ্জের গুরুত্বপূর্ণ মোড়গুলি পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের হাতে ছিল দলীয় পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের নাম সংবলিত প্ল্যাকার্ড। মিছিলে শামিল হওয়া সাধারণ মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে নির্বাচনী প্রচার সারছিলেন প্রার্থী জাকির হোসেন। দলীয় কর্মীদের উৎসাহ দিতে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে তাঁকে বেশ সাবলীল দেখাচ্ছিল। মিছিলের মাঝে দাঁড়িয়ে জাকির সাহেব বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একজন মহিলা। নারীর ক্ষমতায়নই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। আজকের এই মিছিলে হাজার হাজার মা-বোনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিচ্ছে রঘুনাথগঞ্জের মানুষ কার সঙ্গে রয়েছেন। তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মা-বোনেরা যেখানে আমার সঙ্গে আছেন, সেখানে কোনও শক্তিই আমাদের পরাস্ত করতে পারবে না। মানুষের এই আশীর্বাদই আমার জয়ের প্রধান পুঁজি।
মিছিলে অংশ নেওয়া চিত্রা হালদার বলেন, জাকির সাহেবের সমর্থনে পাঁচ হাজার মহিলা অংশ নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নারীদের বিশ্বের দরবারে তুলে ধরেছেন, জাকির সাহেবও মহিলাদের সম্মান দেন। মা-বোনেদের আপদ বিপদে পাশে দাঁড়ান। তাই দাদার জন্য আমরা পথে নেমেছি।
অপরদিকে, এদিন সিপিএমের প্রার্থী অলোককুমার দাস জঙ্গিপুরের দোকান বাজার ও চায়ের দোকানে প্রচার সারেন। অলোকবাবু বলেন, মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। তৃণমূলের অপশাসন থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে চাইছেন। জাতীয় কংগ্রেসের প্রার্থী ইমরান আলি সামশেরগঞ্জে রাহুল গান্ধীর জনসভায় অংশ নেন। জনসভা থেকে ফিরে কর্মীদের নিয়ে বৈঠক সারেন। অপরদিকে বিজেপি প্রার্থী চিত্ত মুখোপাধ্যায় এদিন রঘুনাথগঞ্জে পাড়াতে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী আবহে যখন সব শিবিরই নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া, তখন নারী-শক্তি’র পদযাত্রা যে তৃণমূলের অন্দরে বাড়তি অক্সিজেন জোগাল, তা বলাই বাহুল্য।