


সংবাদদাতা, উলুবেড়িয়া: ২০২১ বিধানসভা নির্বাচনের দিন তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত দলীয় কর্মীদের দেখতে উলুবেড়িয়া হাসপাতালে এসেলছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী। অভিযোগ, সেইসময় উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে হেনস্তা করা হয়। সেই ঘটনায় গতকাল অর্থাৎ বুধবার রাতে উলুবেড়িয়া থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল। জানা গিয়েছে ধৃতদের মধ্যে উলুবেড়িয়া ফতেপুর এলাকার বাসিন্দা ভদ্রেশ্বর মন্ডল ও দেবাশিস মাঝি। বহিরা অঞ্চলের মহিষালী এলাকার বাসিন্দা হেমন্ত ভক্তা। আজ, বৃহস্পতিবার ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পাপিয়া অধিকারী। অভিযোগ, নির্বাচনের দিন কলিয়া অঞ্চলে তৃণমূল-বিজেপি সংঘর্ষে কয়েকজন বিজেপি কর্মী মারাত্মকভাবে জখম হন। তাঁদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আহত কর্মীদের দেখতে হাসপাতালে যান বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। অভিযোগ, হাসপাতালে আহত কর্মীদের দেখে বেরিয়ে আসার সময় হাসপাতাল চত্বরেই তাঁকে হেনস্তা করা হয়। এমনকি তাঁকে ধাক্কাও মারা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় পাপিয়া অধিকারী উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। সেই সময় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা পলাতক ছিল। অবশেষে গতকাল, বুধবার রাতে তিন অভিযুক্তকেও গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ। এই ঘটনায়, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দোষীদের গ্রেপ্তার করছে। আমরা চাই পুলিশ বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করুক।