


শ্রীনগর, ৪ মে: জম্মু ও কাশ্মীরের রামবানে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তা থেকে খাদে ছিটকে পড়ল ভারতীয় সেনার গাড়ি। দুর্ঘটনার জেরে নিহত হয়েছেন কমপক্ষে ৩ জওয়ান।
স্থানীয় সূত্রে খবর, জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে (এনএইচ ৪৪)-তে ব্যাটারি ছাসমার কাছে আজ সকাল সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই দ্রুত অকুস্থলে ছুটে গিয়েছে পুলিস এসডিআরএফ ও সেনার বিশেষ দল।
জানা গিয়েছে, খাদটি কমপক্ষে ২০০-৩০০ মিটার গভীর। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গিয়েছে, দুর্ঘটনার জেরে বাহিনীর গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়েছে। খাদের নীচের অংশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেনার মৃতদেহ ও তাঁদের নানা জিনিস। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি জম্মু-শ্রীনগরগামী একটি কনভয়ের অংশ ছিল। কোনও কারণে রাস্তা থেকে পিছলে খাদে পড়তেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছিল।