


লখনউ, ১৬ ফেব্রুয়ারি: ঠিক এক মাস আগের ঘটনার পুনরাবৃত্তি। উত্তরপ্রদেশের নয়ডায় ফের জলপূর্ণ খাড়িতে পড়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা। শনিবার গ্রেটার নয়ডার দালেলগড় গ্রামে একটি খোলা খাড়িতে পড়ে প্রাণ হারাল তিন বছরের এক শিশু। মৃত শিশুর নাম দেবাংশ। গত মাসেই অফিস থেকে বাড়ি ফেরার সময় একটি খাড়িতে গাড়ি নিয়ে পড়ে যান এক ইঞ্জিনিয়ার সেখানেই তাঁর মৃত্যু হয়। এবার তিন বছরের শিশুর সাথেও একই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু দিন ধরেই গ্রামে একটি গভীর গর্ত খোলা অবস্থায় পড়েছিল। সাম্প্রতিক বৃষ্টিতে সেই গর্ততে জল জমে খাড়ির আকার নেয়। শনিবার মামারবাড়িতে বেড়াতে গিয়েছিল দেবাংশ। সেখানে খেলতে খেলতে অসাবধানতাবশত পড়ে যায় সেই জল ভর্তি খাড়িতে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা, কিন্তু ততক্ষণে মৃত্যু হয় দেবাংশের।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ওই খোলা গর্তটি ভরাট করার আবেদন জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের অভিযোগ, আগেও একই ধরনের ঘটনার পর প্রশাসনকে সতর্ক করা হয়েছিল, তবুও পরিস্থিতির এক অংশও পরিবর্তন হয়নি। প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা।
গত ১৬ জানুয়ারি, নয়ডা ১৫০ নম্বর সেক্টর এলাকায় খাড়িতে গাড়ি পড়ে মৃত্যু হয় যুবরাজ মেহতা নামে এক ইঞ্জিনিয়ারের। অফিস থেকে বাড়ি ফেরার পথে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাড়িতে পড়ে যায়। তিনি ফোনে খবর দিলেও পুলিশ ও দমকলকর্মীরা সময়মতো তাঁকে উদ্ধার করতে পারেননি। ঠান্ডার রাতে খাড়িতেই তাঁর মৃত্যু হয়।
পরপর দুই মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের বক্তব্য, 'অবিলম্বে খোলা খাড়ি ও গর্তগুলি চিহ্নিত করে সুরক্ষা ব্যবস্থা নেওয়া হোক'।