


ফ্লোরিডা: বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন টাইগার উডস। তবে বিতর্ক পিছু ছাড়েনি। শুক্রবার নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে। এমনকি, তদন্তেও সহযোগিতা করেননি তিনি। পরবর্তীতে অবশ্য জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন কিংবদন্তি এই গলফার।
ফ্লোরিডার কাছে জুপিটার আইল্যান্ডস এলাকায় গাড়ি চালাচ্ছিলেন উডস। একটি ট্রেলারকে অতিক্রম করার সময় তাঁর গাড়ি উল্টে যায়। এক্ষেত্রে দায়ী করা হচ্ছে উডসকেই। আসলে ড্রাইভওয়েতে প্রবেশের মুখে গতি নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উডসকে উদ্ধার করে স্থানীয় প্রশাসন। অভিযোগ, এইসময় তাঁর আচরণে বেশ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। প্রাথমিক পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি না মিললেও অনেকেরই ধারণা, উডস সম্ভবত মাদক সেবন করেছিলেন। তা নিশ্চিত করতেই আরও কিছু পরীক্ষার প্রয়োজন ছিল। কিন্তু বেঁকে বসেন উডস। অন্য পরীক্ষা করাতে রাজি হননি তিনি। একেবারে গোঁ ধরেছিলেন সর্বকালের অন্যতম সেরা গলফার। তাঁর আচরণ দেখে কার্যত তাজ্জব বনে যান পুলিশ কর্মীরা। এরপরেই তাঁকে গ্রেপ্তার করে কাউন্টি জেলে নিয়ে যাওয়া হয়। এই প্রসঙ্গে মার্টিন কাউন্টির শেরিফ জন বাডেসনিক জানিয়েছেন, ‘আরও বড় দুর্ঘটনা ঘটতেই পারত। ভবিষ্যতে উডসের অনেক বেশি সতর্ক হওয়া উচিত। তিনি মেডিক্যাল টেস্ট করাতে রাজি ছিলেন না। বাধ্য হয়েই আটক করা হয়।’ উডসকে নিয়ে এর আগেও মেগা বিতর্ক দানা বেঁধেছিল। এমনকী তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগও করেন প্রাক্তন বান্ধবী।