


বিশেষ সংবাদদাতা, আগরতলা: বিজেপি-তিপ্রামথার সম্পর্কের ফের টানাপোড়েন। ত্রিপাক্ষিক চুক্তি মানছে না রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলে বিজেপি জোট সরকার থেকে সর্মথন প্রত্যাহারের হুঁশিয়ারি দিল তিপ্রামথা। আগামী ২০ জুলাই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে শনিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা। এমনকী, পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ তথা প্রদ্যোৎকিশোর দেববর্মনের দিদি কৃতী সিং দেববর্মনও পদত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন দাবি করেছেন তিনি। তাঁর কথায়, ‘প্রদ্যোৎকিশোর দেববর্মনের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে।’ যদিও তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎকিশোরের দাবি, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে কথা হয়েছে কিন্তু দলীয় বিধায়কের সাংবাদিক বৈঠকের বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, ‘রাজ্যের জনজাতি মানুষ ত্রিপাক্ষিক চুক্তির বিষয় নিয়ে ক্ষুব্ধ। এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চলতি মাসের শেষেই বৈঠকের কথা রয়েছে।’ কিন্তু বিজেপির জোট সরকারের থেকে সমর্থন প্রত্যাহার নিয়ে তিপ্রামথা সুপ্রিমো এবং দলীয় বিধায়কের মতানৈক্য নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, কৌশলে বিজেপির উপর চাপ সৃষ্টি করছে ‘মহারাজা’র দল। নিজস্ব চিত্র