


সংবাদদাতা, ডোমকল: দিব্যি খাচ্ছেন-দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। অথচ ভোটার তালিকায় তিনিই নাকি মৃত। জলঙ্গিতে ভোটার তালিকা ধরে খতিয়ে দেখার সময় এমনটাই ধরা পড়েছে বলে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে। নাসির বিশ্বাস নামে ওই ব্যক্তি জীবিত থাকার পরও ভোটার তালিকা থেকে কীভাবে তিনি ‘মৃত’ হয়ে গেলেন-তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জলঙ্গির চোয়াপাড়া অঞ্চলের ২৬০ নম্বর বুথ দাইড়পাড়ায় নাসির বিশ্বাসের বাড়ি। বছর পয়তাল্লিশের নাসির কৃষিকাজ করেন। শুক্রবার ওই এলাকায় ভোটার তালিকা স্ক্রুটিনিতে গিয়েছিলেন তৃণমূলের জলঙ্গি দক্ষিণ সাংগঠনিক ব্লক সভাপতি মাসুম আলি আহমেদ সহ শাসকদলের স্থানীয় নেতৃত্ব। তাঁরা দেখতে পান, নাসির বিশ্বাস বহালতবিয়তে তাঁদের সামনে দাঁড়িয়ে থাকলেও ভোটার তালিকায় তাঁকে মৃত দেখিয়ে নাম কেটে দেওয়া হয়েছে। এতেই তৃণমূল নেতৃত্ব সহ নাসির বিশ্বাসের পরিবারের সদস্যদের চোখ কপালে ওঠে।
নাসিরবাবু বলেন, এবিষয়ে আমি কিছুই জানতাম না। আমার নাম যে ভোটার তালিকা থেকে কাটা গিয়েছে, সেটাও জানা ছিল না। এদিনই বিষয়টি জানতে পারি। ভোটার তালিকা থেকে এভাবে নাম বাদ পড়ায় চিন্তা বাড়ছে। কারণ, ভোটার কার্ড গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের মধ্যে অন্যতম।
মাসুম আলি আহমেদ বলেন, ভোটার তালিকা খতিয়ে দেখার সময় আমরা দেখি, দাইড়পাড়া অঞ্চলের ৪৩৫ নম্বর সিরিয়ালের নাসির বিশ্বাসের নাম ডিলিটেড। অথচ ওই ব্যক্তি জীবিত রয়েছেন। জীবিত থাকলেও তাঁকে মৃত দেখানো হয়েছে। এটা থেকে প্রমাণিত নির্বাচন কমিশন বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত। ওই জীবিত ব্যক্তির নাম বাদ পড়ায় তিনি সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন। এনিয়ে তাঁর পরিবার আতঙ্কিত।
জলঙ্গির বিডিও সুব্রত মল্লিক বলেন, অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তরফেও এবিষয়ে খোঁজখবর নেওয়া হবে।