


নাগোয়া: কোয়ার্টার ফাইনালে জাপানকে উড়িয়ে দিয়ে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের সেমি-ফাইনালে উঠেছে ভারত। রবিবার ফাইনালে ওঠার লড়াইয়ে হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানাদের প্রতিপক্ষ বাংলাদেশ। শেষ আটে চীনের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আইসিসি র্যাংকিং বেশি থাকার কারণে নিগর সুলতানা বাহিনী উঠেছে সেমি-ফাইনালে। গত সপ্তাহেই এশিয়া কাপের সেমি-ফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়েছে ভারত। পদ্মাপারের দেশের বিরুদ্ধে শেষ ৯টি সাক্ষাতেই জয়ী ভারত। রবিবারও তাদের বিরুদ্ধে ফেভারিট টিম ইন্ডিয়াই।
জাপান ম্যাচে ভারতের বাঁ-হাতি স্পিনার শ্রী চরণি নেন ৪ উইকেট। পার্ট-টাইম স্পিনার শেফালি ভার্মা, অলরাউন্ডার দীপ্তি শর্মা, অফস্পিনার শ্রেয়াঙ্কা পাতিলও সফল। ব্যাট হাতেও নজর কাড়েন শেফালি। তবে গুনালান কমলিনী, ভারতী ফুলমালিরা ব্যাট হাতে ব্যর্থ। ওপেনিংয়ে স্মৃতি মান্ধানা নামেননি জাপানের বিরুদ্ধে। ক্যাপ্টেন হরমনপ্রীতও অন্যদের সুযোগ করে দিতে পিছিয়ে যান ব্যাটিং অর্ডারে। বাংলাদেশের বিরুদ্ধে ভারত অবশ্য পরীক্ষার পথে হাঁটবে না।
এদিকে, ভারতের পুরুষ ক্রিকেট দলের জার্সি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। বিসিসিআই এবং আইওএ’র মধ্যে সমন্বয়ের অভাবেই এমন বিভ্রান্তি। যে জার্সি এসেছে, তাতে জামার মাপ ঠিক নেই। ফলে আপাতত জার্সি ছাড়াই রবিবার ভোরে জাপান যাচ্ছে শ্রেয়স আয়ার ব্রিগেড। জাপানের বিরুদ্ধে ২২ তারিখ একটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা। আর এশিয়ান গেমসে শ্রেয়সরা মাঠে নামবেন ২৮ তারিখ। তার আগে সঠিক সাইজের জার্সি তাঁরা পেয়ে যাবেন বলে জানা গিয়েছে।