


ওয়াশিংটন, ১৬ মার্চ: একাধিক টর্নেডো ও ধুলো ঝড়ের কবলে বিধ্বস্ত মধ্য মার্কিন যুক্তরাষ্ট্রের বির্স্তীণ এলাকা। শক্তিশালী ঝড়ের আঘাতে বিভিন্ন স্থানে বাড়ি-ঘর ভেঙে পড়েছে এবং গাড়ি উল্টে গিয়েছে। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। যদিও বিপদ এখনও কাটেনি বলেই জানিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। আজও সেখানে একাধিক টর্নেডোর দাপট দেখা যেতে পারে বলে জানিয়েছে সেখানকার হাওয়া অফিস। টর্নেডোর জেরে কানসাসে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। সেই টর্নেডোর সঙ্গেই পাল্লা দিয়েছে ধুলোঝড়। যার প্রভাবে দৃশ্যমান্যতা কমে যাওয়ায় রাস্তায় থাকা ৫৫টির বেশি গাড়িতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার পর একাধিক প্রদেশে টর্নেডো দাপট দেখাতে থাকে। মিশিগান, মিসৌরি ও ইলিয়নসহ পাঁচটি প্রদেশে দেড় লক্ষেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পরিষেবাতে বিঘ্ন ঘটেছে।
টর্নেডোর জেরে মিসৌরিতে ১২ জনের মৃত্যু হয়েছে। মিসিসিপির মধ্যাঞ্চল, পূর্ব লুইসিয়ানা, পশ্চিম টেনেসি আলাবামার বিভিন্ন অংশ এবং আরকানসাস প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, মিসৌরির ২৫টি কাউন্টির মধ্যে ১৯টিতে একাধিক টর্নেডো তাণ্ডব চালিয়েছে। আরকানসাস প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে ঝড়ের দাপটে। জখম প্রায় ২৯ জন। সেখানে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স। জর্জিয়ার গভর্নরও জরুরি অবস্থার কথা ঘোষণা করেছেন। গোটা বিষয়টির উপর নজর রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, টেনেসে ও মিসিসিপিতে আরও টর্নেডো আছড়ে পড়বে আজ রাতেই।