


সংবাদদাতা, কাঁথি: মন্দারমণির রিসর্টে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে বচসার জেরে পর্যটকদের মারধরের ঘটনায় ম্যানেজার ও নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল নদীয়া জেলার তাহেরপুর থানার বাদকুল্লার বাসিন্দা ভাস্কর বিশ্বাস ও উত্তর ২৪পরগনার বারাকপুরের বিনোদবিহারী ঘোষ স্ট্রিটের বাসিন্দা সুব্রত ঘোষ। রবিবার দু’জনকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক একদিন পুলিশি হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনায় বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে রিসর্ট কর্তৃপক্ষের তরফেও পালটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাদের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক পর্যটক প্রথমে হোটেলের নিরাপত্তা রক্ষীকে ঠেলাঠেলি ও মারধর করেন। দাবি করা হয়েছে, ওই পর্যটকই প্রথমে মারধর করেন। তা থেকে ঝামেলা শুরু হয়। হোটেলকর্মীরা পালটা প্রতিরোধের পথে হাঁটেন। সেই ভিডিও থানায় জমা দিয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার ভিত্তিতে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার হোটেলের সামনে গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে ঘটনাটি ঘটে। দক্ষিণ ২৪পরগনার বজবজ থেকে বেড়াতে আসা পর্যটক দলের উপর রীতিমতো লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন মিলে সাতজন সদস্য আক্রান্ত হন। পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা আক্রান্ত হন। পুলিশ এই ঘটনার ম্যানেজার ও নিরাপত্তারক্ষীকে আটক করে। এদিকে মারধরের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরই থানায় হোটেলের ম্যানেজার, নিরাপত্তা রক্ষী ও কর্মী মিলিয়ে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পর্যটক দলের এক সদস্য। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে এবং আটক দু’জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএসপি(ডিঅ্যান্ডটি) মোহিত মোল্লা বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য দু’জনকে জেরা করা হচ্ছে। পাশাপাশি পালটা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হোটেলমালিক বিকাশ সরকার বলেন, ঘটনাটি অনভিপ্রেত। তবে বিষয়টি যেহেতু বিচারাধীন তাই কোনো মন্তব্য করব না। যা বলার আমার আইনজীবী বলবেন। মন্দারমণি হোটেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মমরেজ আলি বলেন, পুলিশকে সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। এধরনের ঘটনা যাতে আর না ঘটে তারজন্য সংগঠন সজাগ থাকবে। প্রতিটি হোটেল কর্তৃপক্ষকেও পর্যটকদের প্রতি ভাল ব্যবহার করার কথা বলা হয়েছে।