


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৯ সালে ক্যানিং থেকে ১৭ বছরের এক কিশোরীকে দিল্লির এক নিষিদ্ধপল্লিতে পাচার করা হয়। এই ঘটনায় দোষী সাব্যস্ত পাঁচ অপরাধীর মধ্যে চারজনকে যাবজ্জীবন ও একজনকে দশ বছর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শুক্রবার আলিপুরের বিশেষ পকসো আদালতের বিচারক রিম্পা রায় এই রায় দেন। অপরাধীদের মধ্যে তিনজন পুরুষ ও দু’জন মহিলা। বিচারক এই সাজার সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। সেই টাকা নির্যাতিতাকে দেওয়ার কথা বলা হয়।
পাশাপাশি কিশোরী যাতে সমাজের মূল স্রোতে ফিরতে পারে তার জন্য পদক্ষেপ করতে লিগ্যাল এইডকে নির্দেশ দিয়েছেন বিচারক। এদিন রায় ঘোষণার আগে সরকারি কৌঁসুলি অনির্বাণ গুহঠাকুরতা আদালতে কড়া সাজার দাবি জানান। তিনি বলেন, ‘অপরাধীরা যে কাজ করেছে, তা ক্ষমার অযোগ্য। তাই তাদের চরম সাজা হওয়া উচিত।’ অন্যদিকে, আসামিদের আইনজীবী কম সাজার পক্ষে সওয়াল করেন। যদিও আদালত তা খারিজ করে দেয়।