


সংবাদদাতা, বোলপুর : জব কার্ড আটকে রাখার অভিযোগে রবিবার সকালে তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। ঘটনাটি ঘটেছে নানুরের মুলুক গ্রামে। অভিযোগ, প্রাক্তন উপপ্রধান ও বর্তমান তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদা আজিজুল হক একাধিক আদিবাসী পরিবারের জব কার্ড নিজের কাছে আটকে রেখেছেন।
এই অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজিজুল হকের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন। এমনকি তাঁকে ঘিরে ধরে জব কার্ড ফেরতের দাবি তোলেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের জব কার্ড আটকে রাখা হয়েছে, ফলে সরকারি প্রকল্পে কাজ পাওয়া এবং মজুরি সংক্রান্ত নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।
যদিও অভিযোগ অস্বীকার না করে আজিজুল হক জানান, তাঁর কাছে কিছু জব কার্ড রয়েছে, তবে সংখ্যায় তা খুবই কম। বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।