


মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: শনিবার বৃষ্টিকে উপেক্ষা করে প্রথমে মানিকরা কালী মন্দিরে পুজো দিলেন হবিবপুর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু। তারপরেই ঈদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন মুসলিম এলাকায় বেরিয়ে পড়েন। অন্যদিকে এদিন দলীয় গৃহ সম্পর্ক অভিযানের মাধ্যমে জোর ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে তিনি সম্প্রীতির বার্তা দেন। প্রচারে ব্যস্ত ছিলেন সিপিএম প্রার্থী বাসুদেব মুর্মুও।
শুক্রবার রাতে মালদহ সহ হবিবপুরের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হয়। এই বৃষ্টির রেশ পুরোপুরি থেকে যায় শনিবার দিনভর। সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে নাজেহাল হয়ে পড়ে বহু মানুষ। তবে বৃষ্টিকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার অব্যাহত রাখলেন তৃণমূল, বিজেপি ও সিপিএম প্রার্থী। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে জোর প্রচারে নেমে পড়েন প্রার্থীরা। প্রচারের জন্য এক মুহূর্তও সময় নষ্ট করতে চাইছেন না কেউ। এদিন সকালেই ঈদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন ঈদগাহ মাঠের সামনে পৌঁছন প্রার্থীরা। সম্প্রীতির বার্তা দিয়ে জোর ভোটের প্রচার চালান তাঁরা।
তৃণমূল প্রার্থী অমল কিস্কু বলেন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। আমরা সব ধর্মকে সম্মান করি। তাই মা কালীকে পুজো করে মুসলিম ধর্মাবলম্বীদের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করা হল। বৃষ্টির কারণে প্রচারে একটু সমস্যা হয়েছে।
অন্যদিকে বৃষ্টির মধ্যেই বামনগোলা ব্লকের পাকুয়াহাট সহ হবিবপুরের কেন্দপুকুর এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু। রাজ্য সহ হবিবপুর বিধানসভায় সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে নতুন বিজেপির সরকার গঠনের লক্ষ্যে বিজেপিকে বিপুল ভোটে জেতানোর আবেদন জানান তিনি। জোয়েল মুর্মু বলেন, বিজেপি রোদ বৃষ্টি মাথায় নিয়ে সারা বছর মানুষের জন্য কাজ করে। সুতরাং এই বৃষ্টি কোনো বড় বিষয় নয়। ভোটের আগে প্রত্যেক এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি।
প্রচারে পিছিয়ে নেই বাম মনোনীত সিপিএম প্রার্থী বাসুদেব মুর্মু। হবিবপুর ব্লকের কেন্দপুকুর হাটে নিজের সমর্থনে তিনি প্রচার চালান। বাসুদেববাবু বলেন, বৃষ্টির কারণে কিছু প্রচার কর্মসূচি কমানো হয়েছে। তবে বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ মানুষের সঙ্গে কেন্দপুকুর হাটে দেখা করেছি। তাদের কাছে প্রার্থী হিসেবে সিপিএমকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছি।