


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গভীর রাতে স্ট্রং রুমের ক্যামেরা দফায় দফায় বন্ধের অভিযোগ। আর যার জেরে উত্তেজনা ছড়াল জঙ্গিপুরে। খবর পেয়ে শনিবার ভোররাতে ছুটে গেলেন সাগরদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস।
এদিন গিয়ে তিনি সিসি ক্যামেরা বন্ধ করা নিয়ে তীব্র বিক্ষোভ দেখান। বাইরন বিশ্বাসের দাবি, গভীর রাতে দীর্ঘক্ষণ ধরে লাইট বন্ধ ছিল। আরও অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের বলার পরও কোনো সমাধান হয়নি। এই ঘটনাটি জানতেই উদ্বিগ্ন হয়ে ছুটে আসেন বিদায়ী বিধায়ক। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হারানোর জন্যই এই ধরনের চক্রান্ত করা হচ্ছে বলেই অভিযোগ করেন বাইরন। স্ট্রং রুমের দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায় মোট ১৬ টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তার মধ্যে মধ্যে মুর্শিদাবাদের মোট ২২ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সেখানে জঙ্গিপুর মহকুমার ৬ টি আসনের ইভিএম জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে রাখা হয়েছে। আর সেখানে নিরাপত্তা নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করেন বাইরন।