


সংবাদদাতা, আলিপুরদুয়ার: তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমন কাঞ্জিলাল সোমবার দিনভর আলিপুরদুয়ার পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে বিচারাধীন তালিকা থেকে ডিলিট হওয়া ভোটারদের বাড়ি বাড়ি ঘুরলেন। এদিকে তৃণমূলের বিএলএ-১ সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে চার জন আইনজীবী আলিপুরদুয়ার জেলার ডিলিট হওয়া ভোটারদের হয়ে ট্রাইবুনালে লড়বেন। তৃণমূলের রাজ্য সম্পাদক দলের আলিপুরদুয়ারের লিগ্যাল সেলের সদস্য মৃদুল গোস্বামীও ডিলিট ভোটারদের হয়ে আইনি লড়াই লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল সোমবার দিনভর পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ডিলিট ভোটারদের বাড়ি বাড়ি ঘোরেন। সংশ্লিষ্টদের পাশে থাকার ও আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভোটের প্রচারও করেন।
সুমন বলেন, এই মুহূর্তে এসআইআরের বিচারাধীন তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়া বাসিন্দাদের পাশে থাকা সবচেয়ে জরুরি কাজ। তাঁদের আইনি সহায়তা দেওয়া দরকার। প্রচারের সঙ্গে আমি ও আমাদের দল এখন সেই কাজটাই করছি। তার জন্য ডিলিট হওয়া ভোটারদের নাম সংগ্রহের কাজ চলছে।
সৌরভ চক্রবর্তী বলেন, আমি নিজেও ট্রাইবুনালে লড়ব ডিলিট ভোটারদের নাম ভোটার তালিকায় তোলার জন্য। আমার সঙ্গে কলকাতা হাইকোর্টের একজন ও আলিপুরদুয়ার আদালতের দু’জন আইনজীবী থাকবেন। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্ব এই সংক্রান্ত বিষয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠিয়েছে আমাদের। সেই প্রসিডিওর নিয়েই ডিলিট ভোটারদের হয়ে আমরা ট্রাইবুনালে লড়ব। তৃণমূলের রাজ্য সম্পাদক দলের লিগ্যাল সেলের আইনজীবী মৃদুল গোস্বামী বলেন, আমিও ডিলিট ভোটারদের হয়ে ট্রাইবুনালে লড়ব।
এদিকে, ভোটার তালিকায় ডিলিট হওয়া ভোটারদের নাম অনলাইনে পুনরায় ভোটার তালিকায় তোলার জন্য হেল্প ডেস্ক চালু করেছে তৃণমূল। শহরের দেবদূত ভবনে এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। তৃণমূলের আলিপুরদুয়ার টাউন ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, ডিলিট হওয়া ভোটারদের নাম ভোটার তালিকায় নতুন করে অফলাইনে তোলা যাবে কি না তা নিয়ে প্রশাসন কিছুই বলছে না। তাই অনলাইনে ভোটার তালিকায় নাম তুলতে ডিলিট হওয়া ভোটারদের সহায়তার জন্য দলের তরফে একটি হেল্প ডেস্ক চালু করা হয়েছে। পুর শহরের ২০টি ওয়ার্ডে কতজনের নাম বিচারাধীন তালিকা থেকে ডিলিট হয়ে গিয়েছে তার নির্দিষ্ট কোনো সংখ্যা এই মুহূর্তে আমাদের হাতে নেই। বুথে বুথে ঘুরে সেই নামগুলি সংগ্রহের কাজ চলছে। • নিজস্ব চিত্র।