


নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার রাতে অশোকনগরে আইএসএফে ভাঙন ধরাল তৃণমূল। উন্নয়নের শামিল হতে ও প্রার্থী পছন্দ না হওয়ার জন্যই আইএসএফ ত্যাগ করছেন বলে জানিয়েছেন ওই কর্মীরা। অশোকনগর বিধানসভা এলাকার ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে আইএসএফের সংগঠন রয়েছে। বিগত নির্বাচনে এই পঞ্চায়েত এলাকায় তারা ভোটও পেয়েছে। মূলত সংখ্যালঘু অধ্যুষিত এই পঞ্চায়েতে ভোটে থাবা বসাত আইএসএফ। এবার বিধানসভা নির্বাচনে অশোকনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী কে হবেন, তা নিয়েই কর্মী-সমর্থকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে অশোকনগর কেন্দ্র থেকে আইএসএফের প্রতীকে লড়ে পরাজিত তাপস বন্দ্যোপাধ্যায়কেই ফের প্রার্থী করেছে ওই দল। তাপসবাবু ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও বারাসত লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে হারেন। তাঁর এই জোড়া হার নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ আছে। সেজন্যই এবার বিধানসভা ভোটের আগে তাঁরা তৃণমূলে যোগ দিলেন।
এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী। নবাগত ওই কর্মী, সমর্থকরা বলেন, প্রার্থীকে আমাদের পছন্দ নয়। ভোটে হারার পর তিনি কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। এতদিনে বুঝতে পারছি, আসলে বিজেপির হয়ে কাজ করে আইএসএফ। সংখ্যালঘু ভোট কেটে বিজেপির লাভ করে দেয়। বাংলার মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থে তাই তৃণমূলে যোগ দিলাম। এদিকে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামী বলেন, এদিন ১০০ জন কর্মী, সমর্থক আমাদের দলে যোগদান করলেন। ধারাবাহিকভাবে এই যোগদান চলছে। ওঁরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাছাড়া আইএসএফ যে বিজেপির বি টিম হয়ে কাজ করে, তা স্পষ্ট হয়েছে ওদের কথাতেই।