


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জাল নথি ব্যবহার এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির অভিযোগে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত গোর্বধনডাঙা পঞ্চায়েত এলাকা থেকে গ্রেপ্তার করা হল এক তৃণমূল নেতাকে। ধৃতের নাম অমিত সর্দার। তিনি সাগরদিঘি পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ ফুলন সর্দারের স্বামী বলে জানা গেছে। পুলিশ সূত্রে দাবি, অমিত সর্দারের প্রকৃত নাম আমির আলি শেখ। অভিযোগ, তিনি ভুয়ো তফসিলি উপজাতি (এসটি) শংসাপত্রের পাশাপাশি জাল আধার কার্ড ও ভোটার পরিচয়পত্র তৈরি করেছিলেন।
তদন্তকারীরা আরও সন্দেহ করছেন যে ধৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতে পারেন। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এবং জাল নথি তৈরির সম্ভাব্য চক্রের সঙ্গে তাঁর যোগসূত্র খতিয়ে দেখতে পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে জানায়। ধৃতকে রবিবার ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে রবিবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে সূত্রের খবর। ঘটনার তদন্ত শুরু করেছে সাগরদিঘি থানার পুলিশ।