


ভোপাল, ৯ আগস্ট: ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। আজ, রবিবার দুপুর দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধার এলাকায়। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ভাসা এলাকায়। যেটি বাদনাওয়ার শহর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত। জেলার অতিরিক্ত পুলিশ সুপার পারুল বেলাপুরকার জানিয়েছেন, লোহার সামগ্রী বোঝাই একটি ট্রাক আসছিলে উজ্জয়িনীর দিক থেকে। ভাসা এলাকায় উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। অকুস্থলেই ৬ জন যাত্রীর মৃত্যু হয়।
মৃতেরা হলেন- নীতেশ ভাই, ময়ুর কুমার চৌহান, বিশাল কুমার, রাকেশ। বাকি দুই জনের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তাঁরা সকলেই গুজরাতের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময় ট্রাকের চালক মদ্যপ অবস্থায় ছিলেন কী না সেটিও তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা।