


সংবাদদাতা, বসিরহাট: ট্রাকে করে সরকারি চাল ভিন রাজ্যে পাচারের আগেই সেটি আটক করল পুলিশ। বাজেয়াপ্ত হয়েছে বস্তা ভর্তি কয়েকশো কুইন্টাল চাল। গ্রেপ্তার হয়েছেন দু’জন। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যদপ্তরের লোগো সাঁটানো ছিল বস্তাগুলিতে। ঘটনাটি ঘটেছে শনিবার, হাড়োয়া থানার অন্তর্গত বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের মাজমপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের লোগো সাঁটানো বস্তা করে চাল পাচারের খবর পাওয়া যাচ্ছিল। শনিবারও গোপন সূত্রে তেমন খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ মাজমপুর এলাকায় গিয়ে হাজির হয়। দেখা যায় অন্ধ্রপ্রদেশের নম্বর দেওয়া একটি ট্রাকে চালের বস্তা বোঝাই করা হচ্ছে। তৎক্ষণাৎ হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সেই জিজ্ঞাসাবাদের সূত্রে পুলিশ আরও একটি গোডাউনের খোঁজ পায়, যেখানে সরকারি চাল মজুত করা হচ্ছে বলে অভিযোগ মেলে।