


ওয়াশিংটন: ডায়াবেটিস, স্থূলত্ব বা হৃদরোগ। এই ধরনের সমস্যা থাকলে এবার নাও মিলতে পারে আমেরিকায় থাকার ভিসা। সমস্যার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকরা। বৃহস্পতিবার এমনই নির্দেশিকা জারি করল ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যেই তা বিভিন্ন দেশের দূতাবাসে পাঠিয়েছে আমেরিকার বিদেশ দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে, আগামীতে আমেরিকায় গিয়ে যাঁরা থাকতে চান, তাঁদের ভিসায় অনুমোদন দেওয়ার আগে স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করা হবে। কারও ডায়াবেটিস, হৃদরোগ সহ কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতা থাকলে ভিসা দেওয়া যাবে না। কারণ সরকারি খরচে তাঁদের চিকিৎসা করাতে হবে। এতে অর্থের পাশাপাশি আমেরিকার মানব সম্পদের অপচয় হবে। খেয়াল রাখতে হবে, এই সমস্ত মানুষ যেন রাষ্ট্রের উপর কোনওভাবে বোঝা না হয়ে দাঁড়ায়। নয়া নির্দেশিকায় বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে ভিসা আবেদনকারীর হৃদরোগ, শ্বাসযন্ত্রের সমস্যা, ডায়াবেটিস, বিপাকজনিত রোগ, ক্যান্সার, স্নায়ুরোগ ও নির্দিষ্ট মানসিক সমস্যার বিষয় বিবেচনা করতে হবে। কারণ এই ধরনের রোগের চিকিৎসায় সরকারের অনেক টাকা খরচ হয়। তাই ভিসা বাতিল হয়ে যেতে পারে। আবেদনকারীরা নিজেরা চিকিৎসার খরচ বহনে সক্ষম কি না, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আবেদনকারীর পরিবারের খুদে সদস্য ও বয়স্ক বাবা-মায়ের স্বাস্থ্যের বিষয়েও খোঁজ নিতে হবে। পরিবারে কোনও অসুস্থ বা বিশেষভাবে সক্ষম সদস্য আছে কি না, তা দেখতে হবে। কারণ এদের বিশেষভাবে যত্ন ও চিকিৎসার প্রয়োজন পড়ে। এর জেরে সংশ্লিষ্ট ব্যক্তির চাকরিতে সমস্যা হতে পারে।