


নয়াদিল্লি: ইরানের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর প্রথমবার। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। ট্রাম্পকে মোদি জানিয়েছেন, ‘হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত জরুরি।’ এই বিষয়ে ট্রাম্পও একমত হয়েছেন। এক্স হ্যান্ডেলে এই ফোনালাপের বিষয়টি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। সূত্রের খবর, শান্তি, বিশ্বজুড়ে স্থিতাবস্থা ও জ্বালানি নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়েছেন মোদি। হরমুজ প্রণালী দিয়ে অবাধ বাণিজ্যিক চলাচলের বিষয়টিও তুলে ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী এব্যাপারে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আজকের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। ভারত দ্রুত উত্তেজনা প্রশমন ও শান্তি ফিরিয়ে আনার পক্ষে।’ মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আমদানি করে ভারত। এ জন্য আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও মনে করা হচ্ছে। এই ফোনালাপের একদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাঁচদিনের জন্য ইরানের বিদ্যু কেন্দ্রের হামলা স্থগিতের ঘোষণাও করেছিলেন তিনি। পশ্চিম এশিয়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে আলোচনা করছেন মোদি। এদিকে পেট্রলিয়াম প্রতিমন্ত্রী সুরেশ গোপী রাজ্যসভায় জানিয়েছেন, দেশে প্রায় ৩৩ লক্ষ ৭২ হাজার টন অপরিশোধিত তেলের ভাণ্ডার রয়েছে।