


ওয়াশিংটন: বাণিজ্য শুল্ক থেকে শুরু করে মৃত অর্থনীতি। গত কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রাক্তন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বাকযুদ্ধ চলছেই। এরইমধ্যে শুক্রবার রাশিয়াকে লক্ষ্য করে পরমাণু সাবমেরিন মোতায়েন করলেন ট্রাম্প। যদিও সাবমেরিনের অবস্থান স্পষ্ট করেনি হোয়াইট হাউস। মার্কিন স্ট্র্যাটেজিক সোর্সের বক্তব্য, সেগুলি রাশিয়ার খুব কাছেই রয়েছে। শুক্রবার এবিষয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ একের পর এক উস্কানিমূলক মন্তব্য করেছেন। বর্তমানে তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। সেকথা মাথায় রেখেই নির্দিষ্ট অঞ্চলে দু’টি পরমাণু সাবমেরিন মোতায়েন করার নির্দেশ দিয়েছি। আশা করি তাঁর বোকা ও গাল ফোলানো মন্তব্য কখনও বাস্তবে পরিণত হবে না।’ ট্রাম্প আরও লেখেন, ‘প্রতিটি শব্দ খুব গুরুত্বপূর্ণ। এর জেরে অনেক সময় কঠিন ফল ভুগতে হতে পারে। আশা করি, এক্ষেত্রে সেটা হবে না।’ সম্প্রতি ট্রাম্পকে লাগাতার যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে এসেছেন মেদভেদেভ। ইউক্রেন যুদ্ধে ইতি টানার বিষয়ে রাশিয়াকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার এবিষয়ে প্রাক্তন রুশ প্রেসিডেন্ট জানান, এই নীতি ট্রাম্পকে যুদ্ধের দিকে নিয়ে যাবে। বৃহস্পতিবার রাশিয়ার উপর শুল্ক চাপানোর সময় মেদভেদেভকে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়াকে ‘মৃত অর্থনীতি’র দেশ হিসেবেও উল্লেখ করেন ট্রাম্প। উত্তর দিতে দেরি করেননি প্রাক্তন রুশ প্রেসিডেন্ট। ঠান্ডা যুদ্ধে সোভিয়েত রাশিয়ার পারমাণবিক প্রত্যাঘাত সিস্টেমের কথা মনে করিয়ে দেন মেদভেদেভ। তার জবাবেই এবার রাশিয়াকে লক্ষ্য করে পরমাণু সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিলেন ট্রাম্প।