


ওয়াশিংটন: ফের আদালতে ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের উপর ১০ শতাংশ আমদানি শুল্ক চালু করার ঘোষণা করেছিলেন তিনি। কিন্তু ট্রাম্পের সেই সিদ্ধান্ত ‘আইনগতভাবে অবৈধ’ বলে ঘোষণা করল আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য আদালত। আদালত জানিয়েছে, ১৯৭০ সালের বাণিজ্য আইন অনুসারে ট্রাম্পের এই সিদ্ধান্তের কোনো বৈধতা নেই। তবে, আপাতত তিনি বেসরকারি প্রতিষ্ঠান ও ওয়াশিংটন স্টেটের ক্ষেত্রে এই রায় কার্যকর হবে। এদিকে, মার্কিন আদালতে ট্রাম্প বারবার ধাক্কা খাওয়ায় আমেরিকার শুল্ক ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ধীরে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমেরিকা স্থিতিশীল ও আইনগতভাবে বৈধ বাণিজ্য কাঠামো তৈরি করা না পর্যন্ত ভারতের অপেক্ষা করা উচিত বলে মনে করছেন তাঁরা। এই পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনা বিলম্বিত হতে পারে।
গত ২৪ ফেব্রুয়ারি এই শুল্ক চালুর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক বাণিজ্য আদালতে আবেদন করে একটি খেলনা প্রস্তুতকারক সংস্থা, একটি মশলা আমদানিকারক সংস্থা এবং ওয়াশিংটন স্টেট। দীর্ঘ শুনানির পর তিন বিচারকের মধ্যে মতবিরোধ তৈরি হয়। দুই বিচারক জানান, প্রেসিডেন্টের শুল্ক নির্ধারণের যে ক্ষমতা রয়েছে, ট্রাম্প তার অপব্যবহার করেছেন। তাই ট্রাম্পের সিদ্ধান্ত অবৈধ। কিন্তু একজন বিচারক এতে সম্মত হননি। তিনি জানান, এখনই ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায়দান উচিত নয়। প্রেসিডেন্টের হাতে যথেষ্ট আইনি ক্ষমতা রয়েছে। শেষ পর্যন্ত ২-১ রায়ে সিদ্ধান্ত হয় শুল্ক নিয়ে ট্রাম্পের ঘোষণা ‘অবৈধ’। তবে, ওয়াশিংটনের বাইরে অন্য কোনো স্টেটে এই রায় কার্যকর হবে না বলেও জানিয়েছে আদালত।